বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে গতকাল বুধবার চট্টগ্রামে বিএনপির নেতা-কর্মীদের দলীয় কার্যালয় নাসিমন ভবন থেকে বের হতে দেয়নি পুলিশ। পুলিশের সঙ্গে তাঁদের কয়েক দফা ধাক্কাধাক্কি, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।পিকেটিং এবং বিস্ফোরক বহনের অভিযোগে পুলিশ বিভিন্ন স্থান থেকে ১২ জনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। কেউ দোষ স্বীকার না করায় আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তাঁদের মধ্যে তিনজনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।বিএনপি সূত্র জানায়, সকাল থেকে পুলিশ নাসিমন ভবনে আসার পথ কাজির দেউড়ি মোড়, জুবিলি রোড, নেভাল এভিনিউ প্রভৃতি এলাকা অবরোধ করে রাখে। তবে একজন-দুজন করে নেতা-কর্মী নাসিমন ভবনে যান। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি শামসুল আলমসহ কয়েকজন নেতা দলীয় কার্যালয়ের সামনে নূর আহমদ সড়কের পাশের ফুটপাতে চেয়ার নিয়ে বসে পড়েন। কিন্তু অন্যদের পুলিশ কার্যালয় থেকে বের হতে দেয়নি।এ নিয়ে সকালে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি হয়। পুলিশ নাসিমন ভবন চত্বরে কর্মসূচি পালন সীমাবদ্ধ রাখতে অনুরোধ জানালে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে কে বা কারা ঢিল ছুড়লে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। দিনভর নাসিমন ভবনে সমাবেশ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশে তিনি রাতে মহল্লায় মিছিল-সমাবেশ করে দলীয় কর্মী-সমর্থকদের উজ্জীবিত রাখতে স্থানীয় নেতাদের নির্দেশ দেন।গ্রেপ্তার: সকাল নয়টা ৫৫ মিনিটে চন্দনপুরায় পিকেটিংকালে দুজন এবং সকাল সাড়ে ১০টার দিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশে পিকেটিংকালে আরও দুজন গ্রেপ্তার হন। বেলা পৌনে ১১টায় বড়পুলে এক পিকেটার গ্রেপ্তার হন। ১১টায় কালুরঘাট সড়কের শরাফত উল্লাহ ফিলিং স্টেশনের কাছে টায়ার জ্বালানোর পর একজন গ্রেপ্তার হন। কাজির দেউরি থেকে বেলা সাড়ে ১১টায় একজন এবং দুপুর সাড়ে ১২টায় একজন গ্রেপ্তার হন। সোয়া একটায় লাভলেইন এলাকায় গ্রেপ্তার হন একজন। বেলা দেড়টায় আগ্রাবাদের ডেবারপাড় থেকে পেট্রলভর্তি বোতল ও ককটেলসহ গ্রেপ্তার হন তিনজন। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ‘হরতালের সময় নাশকতা সৃষ্টির জন্য এ রকম প্রায় ১০০ জনকে নামানো হয়েছে বলে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে।’