চট্টগ্রামে বিএনপির আকস্মিক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনোরকম পূর্বঘোষণা ছাড়াই গতকাল রোববার সকাল থেকে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে সমাবেশ ও উৎসব শুরু করেছে চট্টগ্রাম বিএনপি। গতকাল সেখানে দিনভর নাচগানের ফাঁকে ফাঁকে বক্তৃতা হয়। বিকেলে মিছিলের মধ্য দিয়ে গতকালের কর্মসূচি শেষ করা হয়। আজ সোমবার ভোর থেকে একই স্থানে আবার একই ধরনের কর্মসূচি পালন করা হবে বলে বিএনপির নেতারা ঘোষণা দিয়েছেন।সূত্র জানায়, গতকাল ভোরে নগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হয় নাসিমন ভবন চত্বরে। সেখানে একে একে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম নগর সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান প্রমুখ। দলীয় সূত্র জানায়, দেড় বছর পর বিএনপির বিবদমান নেতাদের গতকাল একমঞ্চে দেখা গেছে। এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নোমান, খসরু ও নাছিরকে একসঙ্গে দেখা যায়। একমঞ্চে তাঁদের উপস্থিতি নিয়ে নেতা-কর্মীদের চাঞ্চল্য ছিল। আকস্মিক কর্মসূচি প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার প্রথম আলোকে বলেন, ‘সরকারের নানা ব্যর্থতা, গুপ্তহত্যা এবং দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার প্রতিবাদে বিএনপি সারা দেশে কর্মসূচি ডেকেছে। তারই অংশ হিসেবে আমরা সবাই নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছি।’ এর আগে কোনোদিন বিএনপি কনকনে শীতের ভোরে এ ধরনের কর্মসূচি দেয়নি। হঠাৎ এই কর্মসূচি কেন, জানতে চাইলে গোলাম আকবর খোন্দকার বলেন, ‘কেন্দ্র থেকে আগেই এই কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। তবে তা সাংবাদিকদের জানানো হয়নি। এখন থেকে আমরা সকালেও কর্মসূচি পালন করব।’নগর বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির কথা শনিবার দিবাগত রাত একটার পর আমাদের জানানো হয়। পরদিন রোববার (গতকাল) সকাল সাতটার মধ্যে কর্মীদের নাসিমন ভবনে উপস্থিত থাকতে বলা হয়।’ আকস্মিক কর্মসূচির মধ্যে দলীয় সংগঠন জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা এবং দলীয় নেতাদের বক্তৃতার পর্ব ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পীরা। এ সময় গানের সুরে নেতা-কর্মীদের নাচতে দেখা গেছে। গানের ফাঁকে ফাঁকে চলে বক্তৃতার পর্ব। এ সময় নেতারা সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা তুলে ধরেন। সমাবেশে আবদুল্লাহ আল নোমান বলেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশকে একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। এখন গুপ্তহত্যার মাধ্যমে বিরোধী দলের নেতা-কর্মীদের নিশ্চিহ্ন করছে।আমীর খসরু মাহমুদ চৌধুরী সমাবেশে বলেন, দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। দেশকে রক্ষা করতে হলে এই সরকারকে হটাতে হবে। মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, হাসিনা সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে আজ সরকার পতনের আন্দোলন শুরু হলো।’ নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রস্তুত ছিলাম, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’