চট্টগ্রামে বিএনপির আরও ৩৪ নেতা-কর্মী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের আরও ৩৪ কর্মী-সমর্থককে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য কোনো নেতা নেই।নগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার ভোর পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় প্রায় ১৫০ জন গ্রেপ্তার হন। তাঁদের মধ্যে ৩৪ জন রাজনৈতিক দলের কর্মী-সমর্থক। অন্যরা বিভিন্ন মামলার আসামি, যাঁদের বেশির ভাগের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঢাকা যাওয়ার কর্মসূচি বানচাল করতে পুলিশের এই অভিযান চলছে। এতে আমাদের নেতা-কর্মীরা বাসাবাড়িতে থাকতে পারছে না।’প্রসঙ্গত, আগের দিন শুক্রবার ভোর পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পুলিশ নগরের বিভিন্ন জায়গা থেকে চারদলীয় জোটের ৩০ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করে। এদিকে, সন্দ্বীপ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, গতকাল শনিবার ও আগের রাতে পুলিশ বিএনপি জামায়াতের ১৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া নেতাকর্মীরা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটির দায়িত্বে আছেন বলে জানা গেছে।