১২ মার্চের ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি সফল করতে গতকাল রোববার চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা এবং বিভিন্ন থানার বিএনপি ও যুবদল পৃথকভাবে সমাবেশ ও প্রচারপত্র বিলি করেছে। গতকাল দিনভর নগরের বিভিন্ন স্থানে এসব সভা-সমাবেশ, মিছিল, প্রচারপত্র বিলি ও গণসংযোগ হয়।এসব সমাবেশে বক্তারা বলেছেন, ঢাকা চলো কর্মসূচি বাধাগ্রস্ত করতে এখন সরকারের মন্ত্রীরা উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তবে সব বাধা অতিক্রম করে ঢাকায় ১২ মার্চ জনতার ঢল নামানো হবে। আলাদা আলাদা পথসভাগুলোতে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, নগর কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ সর্বস্তরের নেতা-কর্মীরা।হালিশহরে আবদুল্লাহ আল নোমানের সভায় দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। স্লোগান দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হতে দেখা গেছে। তবে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।পরে নোমানের নেতৃত্বে হালিশহর নয়াবাজার এলাকা থেকে গণমিছিল বের হয়। ডবলমুরিং ও হালিশহর থানার উদ্যোগে এই গণমিছিলের আয়োজন করা হয়।সমাবেশে আবদুল্লাহ আল নোমান বলেন, বিএনপির ঢাকা চলো কর্মসূচি বানচাল করতে প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তাঁরা এসব করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। সরকারের সব ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাৎ করে ১২ মার্চ ঢাকা চলো কর্মসূচিতে লাখ লাখ মানুষের সমাগম ঘটানো হবে।হালিশহর থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিএনপির নেতা শামসুল আলম, এম এ সবুর, কাজী আকবর প্রমুখ।এদিকে চাঁদগাঁও থানা বিএনপির উদ্যোগে পুরোনো চান্দগাঁও থানার সামনে সমাবেশ হয়। সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি ছিলেন।খসরু বলেন, জনস্রোত আটকে রাখা যাবে না। ১২ মার্চ চট্টগ্রাম খালি হয়ে যাবে। খালেদা জিয়ার এই কর্মসূচি প্রমাণ করবে, এই সরকারের আর প্রয়োজন নেই।চাঁদগাঁও থানা বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সহসভাপতি সামশুল আলম, আবু সুফিয়ান, বিএনপির নেতা কাজী বেলাল, মোর্শেদুল আলম কাদেরী, কাউন্সিলর মাহবুবুল আলম, আনোয়ার হোসেন, মোহাম্মদ বখতিয়ার প্রমুখ।নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে উত্তর জেলা যুবদলের উদ্যোগে সমাবেশ হয়। ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সহসভাপতি আসলাম চৌধুরী। উত্তর জেলা যুবদলের সভাপতি কাজী সালাহউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিকনেতা এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের নেতা আবুল হাশেম, বিএনপির নেতা মহিউদ্দিন আহমেদ, তফাজ্জেল আহম্মদ, শামসুল আলম, যুবদলের নেতা সোলয়মান মঞ্জু, ইয়াসিন চৌধুরী, শাহেদ বকশ, সাইফুর রহমান, হাছান শেখ প্রমুখ।এর আগে সকালে উত্তর জেলা বিএনপির উদ্যোগে আসলাম চৌধুরীর নেতৃত্বে সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হয়।উপজেলার সোনাইছড়ি, মুরাদপুর, ছলিমপুর, ভাটিয়ারী, বাড়বকুণ্ড এলাকায় এই প্রচারণা চালানো হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি ইসহাক কাদের চৌধুরী, ইউনুছ চৌধুরী, গাজী সুজা উদ্দিন প্রমুখ।