চট্টগ্রামে বিএনপির এক নেতার ‘নিখোঁজ’ নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক জিয়াউর রহমান (৩৩) গত শুক্রবার রাত থেকে ‘নিখোঁজ’ থাকার পর গতকাল রাতে তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ। প্রথমে এটিকে গুম বলে মনে করেছিলেন বিএনপির নেতারা। তাই স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে জিয়াউরকে উদ্ধারের চেষ্টা চালায়। পুলিশ বলেছে, তারা জানতে পেরেছে জিয়াউর রহমান শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় যান। তবে তাঁর নিখোঁজ সংবাদে চট্টগ্রামে তোলপাড় শুরু হলে গতকাল রাতেই তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।জিয়াউর রহমান নিখোঁজ হওয়ার খবর শুনে গতকাল গণমাধ্যমের কর্মীরা তাঁর আগ্রাবাদের বাসায় ভিড় জমান।এ ঘটনায় জিয়ার বড় ভাই মোহাম্মদ ইলিয়াছ গতকাল ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার আগে তিনি গতকাল সকাল থেকে র‌্যাব-৭-এর কার্যালয় এবং নগরের আরও অন্তত পাঁচ-ছয়টি থানায় সরাসরি গিয়ে ভাইয়ের খোঁজ করে কোথাও তাঁর সন্ধান পাননি। এতে তাঁর পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা বাড়তে থাকে। জিয়ার মা, স্ত্রী, বোনসহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।জিয়ার স্ত্রী রানু আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামী শুক্রবার রাত ১১টার দিকে বাসায় ফেরেন। আবার সাড়ে ১১টার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হন। ওই সময় আমি ঘুমিয়ে ছিলাম। উনি (জিয়া) বের হওয়ার কিছুক্ষণ পর আমি ঘুম থেকে উঠি। রাতভর তাঁকে ফোন করি। কিন্তু কয়েকবার রিং বাজার পর তাঁর তিনটি মুঠোফোন বন্ধ পাওয়া যায়।’ গতকাল জিয়ার পাঠানটুলীর বাসায় উপস্থিত হন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘দেশের রাজনৈতিক সংস্কৃতি দেখে মনে হচ্ছে, জিয়াকে গুম করা হতে পারে। তৃণমূল পর্যায়ের নেতারাও যে নিরাপদ নন, তা জিয়ার নিখোঁজ হওয়ার ঘটনা থেকে বোঝা যাচ্ছে।’ এদিকে পুলিশ সূত্র জানায়, জিডির সূত্র ধরে গতকাল সকাল থেকে তদন্ত শুরু করে পুলিশ প্রশাসন। তদন্তের একপর্যায়ে একটি বাস কাউন্টারের টিকিট নিবন্ধনের খাতায় জিয়াউর রহমানের ঢাকা যাওয়ার বিষয়টি ধরা পড়ে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, জিয়াউর রহমান তিনটি মুঠোফোন ব্যবহার করেন। শুক্রবার রাতে বাসা থেকে বের হওয়ার সময় তিনি পরিবারের কাউকে কিছু জানাননি। রাত ১২টায় বাগদাদ পরিবহনের বাসে চড়ে তিনি ঢাকায় চলে যান। তাঁর আসন নম্বর ছিল সি-৩ এবং টিকিট কাটার সময় তিনি নিজের নাম ‘জি রহমান’ লিখিয়েছেন। ওসি মহিউদ্দিন বলেন, শনিবার সকাল সাতটা ২০ মিনিটে তাঁর একটি মুঠোফোন থেকে একজনের সঙ্গে টানা ৬৫ মিনিট কথা বলেছেন। শনিবার বেলা ১১টার সময় তাঁর অবস্থান ছিল রমনা এলাকায়। রাত নয়টার দিকে তিনি প্রথম আলোকে জানান, জিয়াউর তাঁর ঘনিষ্ঠ একজনকে ফোন করে বলেছেন, তিনি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন।