চট্টগ্রামে বিএনপির একাংশের প্রতিবাদ বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে গতকাল বুধবার চট্টগ্রামে বিক্ষোভ-সমাবেশ করেছেন দলের একাংশের নেতা-কর্মীরা। দলীয় সূত্র জানায়, আড়িয়ল বিলে বিমানবন্দর করার উদ্যোগের প্রতিবাদে স্থানীয় জনতাকে সহিংস আন্দোলন করতে উসকে দেওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন দলের চেয়ারপারসনকে প্রধান আসামি করে আদালতে মামলা করেন। এরই প্রতিবাদে গতকাল নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়। নগর বিএনপির সহসভাপতি দস্তগীর চৌধুরীর সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের কয়েকটি সড়ক ঘুরে স্টেশন রোডের হেদায়েত চত্বরে গিয়ে শেষ হয়। সেখানেও সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুসারী কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি।সমাবেশে আমীর খসরু বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে সরকার আড়িয়ল বিলের ঘটনাকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে। আর আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত সেই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, জীববৈচিত্র্য ও পরিবেশ ধ্বংসের পরিকল্পনা ছাড়া আর কিছু নয়। আমীর খসরু বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ কষ্টে আছে। তাই এ মুহূর্তে নতুন বিমানবন্দরের প্রয়োজন নেই।সমাবেশে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ রোজী কবির, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ বক্তব্য দেন।