দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল রোববার আলাদাভাবে সমাবেশ ও শোভাযাত্রা করেছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। দক্ষিণ জেলা বিএনপির সভা চলাকালে দোস্ত বিল্ডিংয়ের দলীয় কার্যালয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। জানা গেছে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে নগরের দোস্ত বিল্ডিংয়ের কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আলোচনা সভা শুরু হয়। সভায় দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ইদ্রিছ মিয়ার উপস্থিতিতে সহসভাপতি এনামুল হক সভাপতিত্ব করেন।এনামুল হক বক্তব্য দেওয়ার সময় তাঁর অনুসারীরা ‘এনাম ভাই! এনাম ভাই!’ বলে স্লোগান দিতে থাকেন। এতে ইদ্রিছ মিয়ার সমর্থকেরা ক্ষুব্ধ হন এবং তাঁদের চুপ করতে বলেন। এনামুল হকের লোকজন কর্ণপাত না করায় ইদ্রিছ মিয়ার সমর্থকেরাও পাল্টা স্লোগান দেওয়া শুরু করেন। এতে হট্টগোল এবং পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।হাতাহাতির কথা স্বীকার করে এনামুল হক গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমার বক্তৃতার সময় স্লোগান দিতে বাধা দেওয়ায় কিছুটা শোরগোল হয়। তবে আমরা ঘটনা বেশিদূর এগোতে দিইনি।’ এ বিষয়ে ইদ্রিছ মিয়ার বক্তব্য নেওয়ার জন্য তাঁর ফোনে ফোন করা হয়। তবে সেটি বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি। সিএমপির সদরঘাট ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল আমিন বলেন, ‘স্লোগান-পাল্টা স্লোগান নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে আমরা এসে এনামুল হকের পক্ষকে আগে ও পরে ইদ্রিছ মিয়ার পক্ষকে স্থান ত্যাগে সহযোগিতা করি।’এদিকে, মহানগর বিএনপি গতকাল রোববার বিকেলে নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে শোভাযাত্রা বের করে। এতে থানা ও ওয়ার্ড পর্যায়ের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। শোভাযাত্রার আগে সমাবেশে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশকে বিদেশিদের তাঁবেদার রাষ্ট্র বানাতে তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়াকে গ্রেপ্তার করেছিল। কিন্তু তাঁকে আটকে রাখতে পারেনি। তিনি বলেন, বর্তমান সরকারও ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত হয়েছে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, নগর কমিটির সহসভাপতি আবু সুফিয়ান, মো. মিয়া ভোলা, এম এ আজিজ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিশাল শোভাযাত্রা নাসিমন ভবন থেকে শুরু হয়ে এনায়েত বাজার, আমতলী, নিউমার্কেট হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। অন্যদিকে, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে আলোচনা সভা করে। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসলাম চৌধুরী, মহিউদ্দিন আহমেদ, ইসহাক কাদের চৌধুরী, ছালাহ উদ্দিন আহমেদ, কে কে রফিক বিন চৌধুরী, বেলায়েত হোসেন, ফজলুল করিম মিনা প্রমুখ। সেখানে বক্তারা বলেন, সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ষড়যন্ত্রের কারাগার থেকে কোনো আপস ছাড়াই বেরিয়ে আসেন খালেদা জিয়া।