
বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম নগর বিএনপির মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। গতকাল শনিবার সকালে নগরের জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণ পর পুলিশ এসে ব্যানার কেড়ে নেয়। এ নিয়ে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের চার-পাঁচ মিনিট ধাক্কাধাক্কি হয়। পরে নেতা-কর্মীরা প্রেসক্লাব এলাকা থেকে সরে যান।
পুলিশের বক্তব্য, অনুমতি না নিয়ে সমাবেশ করছিলেন বিএনপির নেতা-কর্মীরা। এ কারণে নেতা-কর্মীদের সরিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে গতকাল সকাল ১০টায় কিছুসংখ্যক নেতা-কর্মী প্রেসক্লাবের সামনে জড়ো হন। সকাল সোয়া ১০টার দিকে মানববন্ধন ও সমাবেশ শুরু হয়। কিছুক্ষণ পর পুলিশ এসে মানববন্ধনের ব্যানার কেড়ে নেয়। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের টানাহেঁচড়া ও ধাক্কাধাক্কি হয়।
পুলিশ আসার আগে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন। তিনি বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমছে। জ্বালানি তেল-বিদ্যুতের দাম কমানোর কথা থাকলেও সরকার উল্টো দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর খরচের বোঝা চাপিয়ে দিচ্ছে। এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। নইলে জনগণই এ সরকারকে প্রতিহত করবে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শাহাদাত হোসেনের বক্তৃতা চলাকালে পুলিশ ব্যানার নিয়ে টানাহেঁচড়া শুরু করে। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে ব্যানার নিয়ে টানাহেঁচড়া ও পাঁচ-ছয় মিনিট ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে সমাবেশ অসমাপ্ত রেখেই নেতা-কর্মীরা প্রেসক্লাব এলাকা থেকে সরে যান।
সমাবেশ করতে না দেওয়ার বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন প্রথম আলোকে বলেন, বিএনপির নেতা-কর্মীরা অনুমতি না নিয়ে প্রেসক্লাবের সামনে সমাবেশ করছিলেন। এ কারণে তাঁদের সরিয়ে দেওয়ার হয়েছে।
কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশ কোনো কারণ ছাড়া সমাবেশের ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে। জনগণের দাবি নিয়ে কথা বলতে দেয়নি সরকার।
মানববন্ধন ও সমাবেশের অনুমতি নেওয়া হয়েছিল কি না—জানতে চাইলে চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জনগণের কথা বলতে আমরা প্রেসক্লাবের সামনে দাঁড়িয়েছিলাম। অথচ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি।’