চট্টগ্রামে বিএনপির কর্মসূচিতে বিচারক!
বিএনপির দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে আবার আলোচনায় এসেছেন পদত্যাগপত্র জমা দেওয়া একজন বিচারক। এই বিচারককে নিয়ে সম্প্রতি চট্টগ্রাম আদালতে নানা আলোচনার ঝড় ওঠে। জ্যেষ্ঠ একজন বিচারকের সঙ্গেও তিনি দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এই দ্বন্দ্বের জের ধরে তাঁকে সমর্থন দেন চট্টগ্রাম জেলা আইনজীবী। এই বিচারকের নাম আবদুর রহমান। তিনি চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ছিলেন। তৎকালীন মুখ্য মহানগর হাকিম এ বি এম নিজামুল হকের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে তিনি গত ২৭ সেপ্টেম্বর পদত্যাগ করেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি বলে জানা গেছে। এ অবস্থায় বিচারক আবদুর রহমান গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। সেই কর্মসূচিতে তিনি প্রধান বক্তা ছিলেন। সূত্র জানায়, চট্টগ্রামে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের জামিন শুনানি নিয়ে কার্যত দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আবদুর রহমান। ধারাবাহিক শুনানির একপর্যায়ে বিচারক আবদুর রহমান নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনকে জামিন দেন। শুক্রবার শাহাদাৎ হোসেনের পাশে দাঁড়িয়ে তিনি মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। দলীয় এই কর্মসূচি পালনের সচিত্র সংবাদ গতকাল শনিবার স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। জানতে চাইলে চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘বিচারক হিসেবে আবদুর রহমানকে আমরা নিরপেক্ষ দেখেছি। পরে তিনি দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে যে কাজটি করেছেন, তা দুঃখজনক।’প্রসঙ্গত, দুই বিচারকের দ্বন্দ্বে জড়ানোর ঘটনায় আইনজীবী সমিতির ব্যানারে আওয়ামী লীগ-সমর্থিত কিছু আইনজীবী আবদুর রহমানকে সমর্থন দিয়ে আসছিলেন। বিশেষ করে বিএনপি ও জামায়াতের নেতাদের জামিন ইস্যুতে তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। কারণ, ওই সময় তাঁরা অন্ধভাবে আবদুর রহমানকে সমর্থন দেন, যা কার্যত দলের আদর্শ পরিপন্থী বলে আওয়ামী লীগ-সমর্থিত অন্য জ্যেষ্ঠ আইনজীবীরা মন্তব্য করেন। চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, বিচারক আবদুর রহমানের ভূমিকা যে শুরু থেকে বিতর্কিত ছিল, সেটা শুক্রবার বিএনপির মানববন্ধন কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার ঘটনায় প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ-সমর্থিত তথাকথিত কিছু আইনজীবী নিজেদের ব্যক্তিস্বার্থে দলীয় আদর্শ বিসর্জন দিয়ে আবদুর রহমানকে সমর্থন দিয়েছিলেন। ওই সময় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের জামিন দিতে মরিয়া ছিলেন আবদুর রহমান। তাঁকে সমর্থন দেন তথাকথিত সেই আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা, যাঁদের অনেকে সরকারি কৌঁসুলির পদে আছেন। এখন তাঁরা কী বলবেন?