কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে গতকাল রোববার শান্তিপূর্ণভাবে বিএনপির নেতা-কর্মীরা নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন। তবে পুলিশ বিএনপির মিছিলটি নির্বাচন কমিশন কার্যালয়ে যেতে দেয়নি। কার্যালয়ের প্রায় ৩০০ গজ দূরে পুলিশ মিছিল থামিয়ে দেয়। পরে সেখানে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়। জানা গেছে, বিএনপির চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখা যৌথভাবে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে। তবে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুুসারী দলের নগর কমিটির নেতা-কর্মীরা এতে অংশ নেননি। জামালখানে অনুষ্ঠিত সমাবেশে সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘শেখ হাসিনার সরকারের পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাব।’সমাবেশে অন্যান্যের মধ্যে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলার সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি দস্তগীর চৌধুরী, আবু সুফিয়ান বক্তৃতা করেন।দলীয় সূত্র জানায়, দলের আমীর খসরুর অনুসারীরা বেলা সাড়ে ১১টার দিকে নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে জড়ো হন। সেখান থেকে নেতা-কর্মীরা রহমতগঞ্জে নির্বাচন কমিশনের জেলা কার্যালয় অভিমুখে মিছিল বের করেন। জামালখান এলাকায় পুলিশ মিছিলে বাধা দিলে সেখানেই সমাবেশ করে কর্মসূচি শেষ করেন দলের নেতারা।