প্রকাশ্যে আসতে পারছেন না চট্টগ্রামে বিএনপি-সমর্থিত বেশির ভাগ ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী। তাঁদের মধ্যে কারাগারে বন্দী দুজন। ভাঙচুর, সহিংসতা ও নাশকতার মামলার আসামি ছয়জন। এই আটজনের মধ্যে সাতজনই গত নির্বাচনে কাউন্সিলর পদে জয়ী হয়েছিলেন।
বিএনপির কেন্দ্রীয় নেতাদের আশঙ্কা, নাশকতা ও সহিংসতার বিভিন্ন মামলায় অজ্ঞাতপরিচয় আসামিদের তালিকায় আরও কয়েকজন কাউন্সিলর পদপ্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হতে পারে। তাঁদের অভিযোগ, দল-সমর্থিত প্রার্থীদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় ৭ এপ্রিল থেকে দল-সমর্থিত প্রার্থীরা কীভাবে জনসংযোগ ও প্রচারণা চালাবেন, তা নিয়ে নেতা-কর্মীরা উদ্বিগ্ন।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীদের প্রশাসন থেকে হুমকি দেওয়া হচ্ছে। অজ্ঞাত আসামির তালিকায় অনেক প্রার্থীকে অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র চলছে।’ তাঁর অভিযোগ, বিএনপির প্রার্থীদের নির্বাচন থেকে বিরত রাখারও ষড়যন্ত্র হচ্ছে।
পুলিশ জানায়, নাশকতার মামলায় রয়েছে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের গতবারের কাউন্সিলর আবদুস সাত্তার, ৩৭ নম্বর হালিশহর মমিননগর ওয়ার্ডের হাসান মুরাদ, ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের বিএনপির সভাপতি দিদারুর রহমান, ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সরফরাজ কাদের, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের ইসমাইল বালি ও ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের হাসান লিটন। তাঁরা সবাই এবারও প্রার্থী হয়েছেন।
চান্দগাঁওয়ের ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম গত ৮ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন। বহদ্দারহাট ও চান্দগাঁও এলাকায় বিভিন্ন নাশকতার ঘটনায় তাঁর সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শরীফুল ইসলাম প্রথম আলোকে জানান, গত জানুয়ারি মাসে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি মাহবুবুল আলম। আরও কয়েকটি নাশকতার ঘটনায় তাঁর সম্পৃক্ত থাকার তথ্য রয়েছে। ওই মামলাগুলোতে তাঁকে আসামি করার প্রক্রিয়া চলছে।
লালখান বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহ আলম গ্রেপ্তার হন গত ১১ জানুয়ারি। ৫ জানুয়ারি ওয়াসা মোড়ে পুলিশের ওপর হামলা এবং ৮ জানুয়ারি দামপাড়া এলাকায় গাড়ি পোড়ানোর ঘটনায় মামলার আসামি তিনি।
বিএনপির নেতা ও কাউন্সিলর পদপ্রার্থী হাসান মুরাদ মুঠোফোনে প্রথম আলোকে জানান, ২০১৩ সালের দুটি নাশকতার মামলায় তিনি জামিন পেয়েছেন। কিন্তু গত ২৯ ফেব্রুয়ারি বন্দর এলাকায় গাড়ি পোড়ানোর মামলায় তাঁকে আসামি করা হয়েছে। পলাতক থাকার কারণে ভোটারদের কাছে যেতে পারছেন না তিনি। এখন হাইকোর্টে জামিনের আবেদন করার চেষ্টা করছেন।
আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী দিদারুর রহমান মুঠোফোনে জানান, গত ৭ ফেব্রুয়ারি টাইগারপাসে পেট্রলবোমা হামলা এবং ২৯ ফেব্রুয়ারি নিউমার্কেট এলাকায় বোমা হামলার মামলায় তাঁকে আসামি করা হয়েছে। তিনি বলেন, ‘নির্বাচন ঘনিয়ে আসছে। প্রচারণা শুরু করা অনিশ্চিত হয়ে পড়েছে।’
গত ৭ ফেব্রুয়ারি টাইগারপাসে পেট্রলবোমা হামলায় সবজি ব্যবসায়ী সুভাষ সোম দগ্ধ হন। পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান তিনি।
উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বিএনপির নেতা আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘আমি তিন মাস ধরে পলাতক। ওয়ার্ড কাউন্সিলর হিসেবে এলাকাবাসী আমার সেবা থেকে বঞ্চিত। আমিও বঞ্চিত নির্বাচনী প্রচারণার কাজ থেকে। কর্নেলহাট এলাকায় পেট্রলবোমা হামলার মামলায় আমাকে প্রধান আসামি করা হয়েছে। ষড়যন্ত্র করে আমাকে নির্বাচনী মাঠ থেকে বাইরে রাখার চেষ্টা করছে।’
২০১০ সালের জুনে অনুষ্ঠিত গত সিটি নির্বাচনে বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীরা ৪১ ওয়ার্ডের মধ্যে ১৯টিতে জয়ী হন। জামায়াতের প্রার্থীরা জয়ী হন দুটি ওয়ার্ডে। কাউন্সিলর পদে ২০-দলীয় জোটের শরিকদের সমঝোতার ভিত্তিতে ১০টি ওয়ার্ড ছেড়ে দেওয়া হতে পারে।
এ বিষয়ে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যে ওয়ার্ডে জোটের শরিকেরা শক্তিশালী, সেখানে সমঝোতা হতে পারে। তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতেই সব করা হবে। আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না।’ এক প্রশ্নের জবাবে তিনি জানান, কাউন্সিলর পদে আট-নয়টি ওয়ার্ডে শরিকদের ছাড় দেওয়া হতে পারে। তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত করা হয়নি।