চট্টগ্রামে বিএনপির গণমিছিল, যানজটে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে চার দলের রোডমার্চ ও ৯ জানুয়ারি বিকেলে খালেদা জিয়ার জনসভা সফল করতে চট্টগ্রাম বিএনপি গতকাল বিকেলে গণমিছিল করেছে। মিছিলের আগে নগরের দেওয়ানহাট মোড়ে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম বক্তব্য দেন।দলীয় সূত্র জানায়, স্থানীয় নেতা-কর্মীদের উদ্বুদ্ধ করতে বিএনপি গতকাল গণমিছিলের আয়োজন করে। সংক্ষিপ্ত সমাবেশের পর সোয়া চারটায় দেওয়ানহাট মোড় থেকে মিছিল বের হয়। মিছিলের অগ্রভাগে ছিল শতাধিক মোটরসাইকেলের মহড়া। মিছিলের কারণে টাইগারপাস থেকে বারিক বিল্ডিং পর্যন্ত সড়কের এক পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত শেখ মুজিব সড়কে শত শত গাড়ি আটকা পড়ে। এতে ঘরমুখো মানুষের দুর্ভোগ বাড়ে। আগ্রাবাদের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘অফিস ছুটির পরই বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ওই সময় বিএনপি রাস্তায় গণমিছিলের আয়োজন করে। এ কারণে প্রায় ৩৫-৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল।’ কর্মজীবী লোকজন জানান, অফিস ছুটির আগমুহূর্তে গণমিছিলের আয়োজন করার কারণে কর্মজীবী মানুষ বেশি দুর্ভোগের শিকার হয়। গণমিছিল শুরুর আগে আশপাশের বিভিন্ন ওয়ার্ড থেকে ঢোল-বাদ্য বাজিয়ে দলীয় নেতা-কর্মীরা দেওয়ানহাট মোড়ের সমাবেশে যোগ দেন। গতকাল দুপুর থেকে সেখানে জমায়েত শুরু হয়। সমাবেশ: দেওয়ানহাট মোড়ের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ৯ জানুয়ারি পলোগ্রাউন্ড মাঠে খালেদা জিয়ার মহাসমাবেশ হবে ‘নব্য বাকশালিদের’ হাত থেকে দেশকে রক্ষা করা ও গণতন্ত্রকে মুক্ত করার সমাবেশ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হলে বিএনপির কোনো বিকল্প নেই। সমাবেশে আমীর খসরু আরও বলেন, চট্টগ্রাম থেকে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। দেশনেত্রী খালেদা জিয়াও ৯ জানুয়ারি দেশ রক্ষার আরেকটি ঘোষণা দেবেন।নগরের ডবলমুরিং থানা বিএনপি ও অঙ্গসংগঠন দেওয়ানহাট মোড়ে এই সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম বক্তব্য দেন। মীর নাছির বলেন, দেশের মানুষ আর এই ব্যর্থ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। ৯ জানুয়ারির মহাসমাবেশে তা প্রমাণ হয়ে যাবে।সিটি মেয়র মন্জুর আলম বলেন, এখন সবার লক্ষ্য একটি। সেটি হলো, ৯ জানুয়ারির মহাসমাবেশ সফল করা।