এক-এগারকে ‘কালো দিবস’ হিসেবে পালন করা নিয়ে চট্টগ্রাম বিএনপি দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। এ উপলক্ষে আজ সোমবার নগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে জেলা পরিষদ চত্বরে এবং আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে সমাবেশের ডাক দিয়েছেন। রাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংসতার পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এ দিনটি ‘কালো দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এরই অংশ হিসেবে চট্টগ্রামেও আজ আলাদাভাবে ‘কালো দিবস’ পালন করছে বিএনপির দুটি পক্ষ। আয়োজক সূত্রে জানা গেছে, জেলা পরিষদ চত্বরের সমাবেশে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন এ সমাবেশের আয়োজক। সমাবেশে সাবেক যুগ্ম সম্পাদক দস্তগীর চৌধুরী, আবু সুফিয়ানসহ দলীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।অন্যদিকে নাসিমন ভবন চত্বরের সমাবেশে বিএনপির কেন্দ্রীয়সহ শ্রমিক সম্পাদক এম নাজিমউদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর শামসুল আলম, আইনজীবী আবদুস সাত্তার, কাজী আকবর, নাজিমউদ্দিন, এম এ সবুরসহ আরও কয়েকজন নেতার উপস্থিত থাকার কথা আছে। তাঁরা বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুসারী বলে পরিচিত।আইনজীবী আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘জেলা পরিষদ চত্বরে পলাতকদের সমাবেশ ঘটবে। অথচ এসব পলাতক ব্যক্তির কারণে দেশে এক-এগারোর সৃষ্টি হয়েছিল। পালিয়ে যাওয়া ব্যক্তিদের সঙ্গে আমরা কর্মসূচি পালন করতে চাই না। তাই আমরা নাসিমন ভবন চত্বরে আলাদা সমাবেশ ডেকে “কালো দিবস” পালনের সিদ্ধান্ত নিয়েছি।’নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত্ বলেন, ‘জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সবাইকে এক জায়গায় জড়ো করে আমরা এক-এগারোকে কালো দিবস হিসেবে পালন করতে চাই। এ বিষয়ে নোমান ভাইয়ের সঙ্গে আমি কথা বলব। ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন হলে দল সংগঠিত থাকবে। এ মুহূর্তে আমাদের মধ্যে বিভেদ থাকা উচিত নয়।’