প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী আলাদা পালন করেছেন চট্টগ্রাম বিএনপির নেতা-কর্মীরা। বিএনপির দুই পক্ষ রাঙ্গুনিয়ায় জিয়ার প্রথম কবরে গতকাল সোমবার আলাদা ফুল দেন। তবে কর্মসূচি পালন নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রাঙ্গুনিয়ায় জিয়ার কবরে ফুল দিয়ে ফাতেহা পাঠ ছাড়াও মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, বিনা মূল্যে গরিবদের চিকিৎসা ও মেজবানের আয়োজন করা হয়।দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম নগর বিএনপিতে দুটি ধারা সক্রিয় আছে। একটি ধারার নেতৃত্বে আছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং অন্যটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। গতকাল সকালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও আমীর খসরুর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীদের একাংশ নাসিমন ভবন থেকে বিশাল গাড়িবহর নিয়ে রাঙ্গুনিয়ায় জিয়ার কবরে যান। সেখানে তাঁরা ফুল দেওয়াসহ ফাতেহা পাঠ করেন।এর আগে গতকাল সকালে আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা নাসিমন ভবন থেকে গাড়ির বহর নিয়ে রাঙ্গুনিয়ায় যান। তবে এ সময় নোমান চট্টগ্রামে ছিলেন না। রাঙ্গুনিয়ায় তাঁরা সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিনের সঙ্গে যুক্ত হন। চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে নোমান ও মীর নাছির এক মঞ্চের কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তাঁরা উভয়েই খসরুবিরোধী হিসেবে পরিচিত।আলোচনা সভা: গতকাল বিকেলে আমীর খসরুর অনুসারীরা নাসিমন ভবনে আলোচনা সভার আয়োজন করেন। আমীর খসরুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোরশেদ খান। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম ও মহিলা সাংসদ সৈয়দা পাপিয়া প্রমুখ। মোরশেদ খান বলেন, দলীয় নেত্রী শিগগিরই মধ্যবর্তী নির্বাচনের দাবিতে কর্মসূচি ঘোষণা করবেন। সেই কর্মসূচি সফল করে সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে। তিনি আরও বলেন, আড়াই বছর পেরিয়ে গেলেও এই সরকার কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। নোমানের আলোচনা আজ: গতকাল জিয়ার কবরে ফুল দিয়ে ফাতেহা পাঠ এবং মসজিদগুলোতে মিলাদ মাহফিল ছাড়া অন্য কোনো কর্মসূচি নোমানের অনুসারীরা পালন করেনি। মীর নাছিরও গতকাল নাসিমন ভবনের আলোচনায় অংশ নেননি। দলীয় সূত্র জানায়, নগর বিএনপির একাংশ আজ মঙ্গলবার বিকেলে নগরের ভিআইপি ব্যাংকুইট কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও সন্ধ্যায় মেজবানের আয়োজন করেছে। আবদুল্লাহ আল নোমান আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন।