২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জড়ানোর প্রতিবাদে চট্টগ্রাম নগর বিএনপি গতকাল সোমবার বিক্ষোভ-সমাবেশ করেছে। বিএনপির দুই পক্ষ আলাদা সমাবেশের আয়োজন করে।বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে দুই পক্ষ সমাবেশ করে। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীরা কাজীর দেউড়ি থেকে একটি মিছিল নিয়ে নাসিমন ভবন চত্বরে এসে জড়ো হন। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ তারেক রহমানকে মিথ্যা মামলায় জড়িয়ে প্রতিশোধের রাজনীতি শুরু করেছে। তারা গোটা দেশকে কারাগারে পরিণত করেছে। এ দেশের মানুষ আওয়ামী লীগের এ স্বৈরাচারী কর্মকাণ্ড বরদাশত করবে না। রাজপথে এর মোকাবিলা করা হবে। সমাবেশে বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে আওয়ামী লীগ আগুন নিয়ে খেলা শুরু করেছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। সমাবেশে নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, নগর ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আহমেদুল আলম চৌধুরী বক্তৃতা করেন।এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা নাসিমন ভবন চত্বরে আরেকটি সমাবেশ করেন। সমাবেশের পর তাঁরা মিছিল করেন। নোমান-অনুসারীদের সমাবেশে বক্তৃতা করেন নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর ও আবদুস সাত্তার, যুবদলের কেন্দ্রীয় নেতা আবুল হাশেম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে হেয় করতে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। হামলা ও মামলা দিয়ে মানুষের হূদয় থেকে জিয়া ও তাঁর পরিবারের সদস্যদের মুছে ফেলা যাবে না।দক্ষিণ জেলা বিএনপি: দক্ষিণ জেলা বিএনপি দলীয় কার্যালয় দোস্ত বিল্ডিংয়ে অনুরূপ এক প্রতিবাদ সভা করে। এতে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বক্তৃতা করেন। সভায় জাফরুল ইসলাম বলেন, বিএনপি ও জিয়ার পরিবারকে নিশ্চিহ্ন করতে সরকার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে জড়িয়েছে। এ দেশের মানুষ এই অন্যায় সিদ্ধান্ত মেনে নেবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, একই ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল গতকাল সকালে মিছিল করে। এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাকসুর সাবেক সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।