চট্টগ্রামে বিএনপির নেতা এরশাদ উল্লাহকে বহিষ্কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদ উল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার আদেশের অনুলিপি বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান গতকাল বুধবার হাতে পেয়েছেন। দলের ভেতর বিভেদ সৃষ্টির অভিযোগ এনে এরশাদ উল্লাহকে বহিষ্কার করা হয় বলে দলীয় সূত্র জানায়। বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান প্রথম আলোকে বলেন, বহিষ্কারসংক্রান্ত চিঠির অনুলিপি গত মঙ্গলবার দুপুরে তিনি পেয়েছেন। তিনি বলেন, এরশাদ দলের ভেতর বিভেদ সৃষ্টি করছিলেন ও উচ্ছৃঙ্খল কার্যকলাপ চালিয়ে আসছিলেন বলে চিঠিতে উল্লেখ রয়েছে। এরশাদ উল্লাহ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, তাঁকে দল থেকে বহিষ্কার করার কথা তিনি শুনেছেন। তবে এ বিষয়ে তিনি কোনো চিঠি পাননি। তিনি বলেন, ‘আসলে ওনার (মোরশেদ খান) হাত অনেক লম্বা। তিনি ধনাঢ্য ব্যক্তি। বোয়ালখালীর ঘটনার পর নগরের উডল্যান্ড কমিউনিটি সেন্টারে দক্ষিণ জেলা বিএনপির সভায় ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। ওই ঘটনায় তো কাউকে বহিষ্কার করা হয়নি।’ এরশাদ আরও বলেন, ‘বোয়ালখালীতে মোরশেদ খানের গাড়িতে হামলার সময় আমি ঢাকায় ছিলাম। বিগত জাতীয় সংসদ নির্বাচনে যে ছেলেরা আমার পক্ষে কাজ করেছেন তাঁরা এম কে আনোয়ার সাহেবকে ফুল দিতে চেয়েছিলেন। মোরশেদ খানের বাধা পেয়ে ছেলেরা ফুল দিতে পারেননি। এ কারণে গত বৃহস্পতিবার মোরশেদ খানের গাড়িতে ক্ষুব্ধ কর্মীরা হামলা করেছেন।’ প্রসঙ্গত, ২০০৮ সালের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (চান্দগাঁও-বোয়াখালী) আসনে এরশাদ উল্লাহ চারদলীয় জোটের প্রার্থী ছিলেন। ১/১১-এর পর দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে মোরশেদ খান ওই নির্বাচনে প্রার্থী হতে পারেননি। আর এরশাদ উল্লাহ নির্বাচনে পরাজিত হন। এই পরাজয়ে মোরশেদ খানের ভূমিকা ছিল বলে এরশাদ উল্লাহ অভিযোগ করে আসছেন। এ কারণে তাঁদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। গত বৃহস্পতিবার বোয়ালখালীতে মোরশেদ খানের গাড়িতে হামলার ঘটনার জন্য মোরশেদ খান এরশাদ উল্লাহকে দায়ী করে আসছেন।