সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা পৃথক দুটি মামলায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতা গতকাল বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসির আহমেদ শুনানির পর ধার্য তারিখ পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া অন্য চার নেতা হলেন: যুবদলের কেন্দ্রীয় নেতা আবুল হাশেম, স্বেচ্ছাসেবক দলের নগর কমিটির নেতা এস কে খোদা তোতন, শেখ রাসেল ও সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান। কোতোয়ালি থানার দুটি মামলায় তাঁরা গতকাল পর্যন্ত হাইকোর্টের জামিনে ছিলেন। নিম্ন আদালতে আত্মসমর্পণ করে তাঁরা আবার জামিন নিলেন।আদালত সূত্র জানায়, সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা এই দুটি মামলার পরবর্তী ধার্য তারিখ যথাক্রমে ২৬ জুন ও ৪ জুলাই। ২৬ জুনের আগে পুলিশ তাঁদের আর হয়রানি করতে পারবে না। আসামিদের কৌঁসুলি কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পাঁচ আসামি বুধবার পর্যন্ত হাইকোর্টের জামিনে ছিলেন। তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। বিজ্ঞ মহানগর হাকিম পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করেন।গত ১৩ মে নগরে ১৮ দলের কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এর জের ধরে নগরের বেশির ভাগ এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উচ্ছৃঙ্খল কর্মীরা তিনটি প্রাইভেট কার জ্বালিয়ে দেন। ভাঙচুর করেন আরও শতাধিক গাড়ি। পরে দ্রুত বিচার আইনে করা তিনটিসহ মোট ছয়টি মামলা হয় কোতোয়ালি ও খুলশী থানায়। ছয়টি মামলায় আসামির সংখ্যা আড়াই হাজার।