চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
চট্টগ্রামে বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল রোববার সকালে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের পর রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম কবরে ফুল দিতে গাড়িবহর নিয়ে যাত্রা করেন নেতা-কর্মীরা।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বহরের নেতৃত্ব দেন। দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান, বিএনপির নেতা আবুল হাশেম বক্কর, নাজিমুর রহমান, এস এম সাইফুল আলম, শাহ আলম, ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম প্রমুখ।
নাসিমন ভবন চত্বরের সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি মাটি, মানুষ ও দেশের উন্নয়নে রাজনীতি করে। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। শহীদ জিয়ার দল বিএনপি দেশের অর্থনৈতিক উন্নয়নে, সামাজিক উন্নয়নে, গণতন্ত্রকে মুক্ত করতে সংগ্রাম করে যাচ্ছে।’
আমীর খসরু আরও বলেন, দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না।
দুই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৬ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অস্ত্রোপচারের পর শরীরে সুই রেখে দেওয়ার অভিযোগে অভিযুক্ত দুই চিকিৎসকের বিরুদ্ধে ১৬ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। একই সঙ্গে দুই চিকিৎসকের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সোলয়মান গতকাল রোববার এই আদেশ দেন।
অভিযুক্ত দুই চিকিৎসক হলেন সার্জন সুরমান আলী ও সহযোগী অধ্যাপক জি এম জাকির হোসেন। বাদী পক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ১৬ সেপ্টেম্বর আদালত মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন। এ ছাড়া তাঁদের জামিনও ওই পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে দুই চিকিৎসক আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানান। গত ১৭ জুলাই তাদের জামিন পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত বাড়ানো হয়। গতকাল রোববার পরবর্তী ধার্য তারিখ ছিল।
প্রসঙ্গত গত বছরের ৩০ মে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিনুল ইসলামের পাইলস অস্ত্রোপচার করেন সুরমান আলী। এ সময় তাঁর মলদ্বারে সুই রেখে দেন বলে অভিযোগ রয়েছে। পরে জি এম জাকির হোসেনকে সঙ্গে নিয়ে পুনরায় অস্ত্রোপচার করেও ওই সুই বের করতে ব্যর্থ হন।
এরপর কলকাতার অ্যাপোলো হাসপাতালে গিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে সুই বের করা হয়। তত দিনে আমিনুলের নিতম্বে পচন ধরে।