চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে প্রথম পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও ইফতার বিতরণের মাধ্যমে চট্টগ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। আলোচনা সভায় বিএনপির নেতারা বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে বর্তমান সরকার জিয়া পরিবারকে ধ্বংস করতে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। চট্টগ্রাম মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদল গতকাল সকালে রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের সমাধিতে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে। বিকেলে নগরীর জিমনেসিয়াম মাঠে আলোচনা সভা ও ইফতার পার্টির আয়োজন করে মহানগর বিএনপি। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, নগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলাম, জাতীয় পার্টির একাংশের সভাপতি জাহাঙ্গীর আলম ও ইসলামী ঐক্যজোটের সভাপতি মাইনুদ্দিন রুহী।