জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ও বরিশাল শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে বিএনপি মিছিল-সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা বলেন, নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করা না হলে চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে।মন্ত্রিসভা গত সোমবার ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ও বরিশাল শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু প্রতিষ্ঠানের নাম পরিবর্তন ও জোট সরকারের আমলে পরিবর্তন করা প্রতিষ্ঠান আগের নামে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। বিমানবন্দরের নতুন নাম রাখা হয়েছে শাহজালাল (রহ.) বিমানবন্দর ও বিশ্ববিদ্যালয়ের নতুন নাম বরিশাল বিশ্ববিদ্যালয়। নাম পরিবর্তনের প্রতিবাদে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান। বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম সম্পাদক নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে ইনামুল হক, হাসান মোহাম্মদ, শামসুল আলম, আবদুস সাত্তার বক্তৃতা করেন। আবদুল্লাহ আল নোমান বলেন, জিয়াউর রহমানের নাম পরিবর্তনের মাধ্যমে সরকার তাদের একদলীয় শাসন কায়েমের অপচেষ্টা শুরু করেছে।