চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলার সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, সরকারের ব্যর্থতার কারণে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ব্যাংকগুলো তারল্য সংকটে পড়েছে, যে কারণে উচ্চ হারের সুদে ঋণ বিতরণ হচ্ছে। এর প্রভাব পড়ছে দ্রব্যমূল্যের ওপর। বক্তারা বলেন, শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আজ পথে বসেছেন। অথচ সরকার ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার কোনো পদক্ষেপ নিচ্ছে না। ভুক্তভোগী জনগণ একদিন এর জবাব দেবে।আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামে এশিয়ান উইমেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বিএনপি সরকারের অবদান।