বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে দলের নেতা-কর্মীরা গতকাল বুধবার বিক্ষোভ সমাবেশ করেছেন। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা সাত দিনের মধ্যে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান। নইলে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। সমাবেশের আগে নগরের কাজীর দেউড়ি মোড় থেকে বিএনপির নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলকারীরা লাভলেইন ও মোমিন রোড হয়ে প্রেসক্লাবে গিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির উত্তর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন ও অর্থসম্পাদক সরওয়ার আলমগীর। পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদকে কটাক্ষ করে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও বিএনপি রাঙ্গুনিয়া উপজেলা শাখার নেতা ইউনুচ তালুকদারের বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রামের আইনজীবী সুভাষ বড়ুয়া।