চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে নগর ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে গতকাল শনিবার বিকেলে পৃথক বিক্ষোভ-সমাবেশ হয়েছে। এতে বক্তারা তারেক রহমান ও আরাফাত রহমানের মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, সরকার দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দেশের কোনো মানুষ এখন শান্তিতে নেই। খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং বিচার বিভাগের ওপর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের অভিযোগ এনে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি ঘোষণা করা হয়। নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে বিকেলে পৃথকভাবে নগর বিএনপি ও উত্তর জেলা বিএনপি বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে। নগর বিএনপির সমাবেশে দলের নগর শাখার সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানুষ এখন নানা সংকটে দিন কাটাচ্ছে। গ্যাস ও বিদ্যুতের জন্য হাহাকার চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস অবস্থা। আওয়ামী লীগ এসব কারণে বিএনপির ভবিষ্যৎ নেতা তারেক রহমানকে ভয় পাচ্ছে।নগর বিএনপির সহসভাপতি সামশুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তৃতা করেন সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান, বিএনপির নেতা মো. মিয়া, এম এ আজিজ, এস এম সাইফুল আলম, কাজী বেলাল প্রমুখ। সমাবেশ শেষে এক বিশাল মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।উত্তর জেলা বিএনপি: একই দাবিতে উত্তর জেলা বিএনপি গতকাল বিকেলে নাসিমন ভবনে মিছিল-সমাবেশ করেছে। এতে উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসলাম চৌধুরী বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব ধ্বংস করার ষড়যন্ত্র করছে। তাদের প্রতিটি কর্মকাণ্ড এ দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। তিনি বিএনপির নেতাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সহসভাপতি এস এম ফজলুল হক, মহিউদ্দিন আহমদ, ইসহাক কাদের চৌধুরী, নুরুল আমিন, বেলায়েত হোসেন, কাজী আবদুল্লাহ আল হাসান, আজম খান, দিদারুল ইসলাম মাহমুদ প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।