বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গুলিবর্ষণের প্রতিবাদে এবং হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম নগর বিএনপি। গতকাল সোমবার সকাল ও বিকেলে দুই দফায় নগর বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। গতকাল সকালে নাসিমন ভবনের দলীয় কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়ার কার্যালয়ে গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে একটি মহল। মঙ্গলবারের (আজ) হরতাল সফল করে দেশনেত্রীর কার্যালয়ে গুলিবর্ষণ ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলার জবাব দেবে জনগণ। নগর বিএনপির সহসভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান, নগর বিএনপির নেতা আবদুস সাত্তার, কাজী আকবর প্রমুখ। এদিকে বিকেলে একই দাবিতে নাসিমন ভবন চত্বরে সমাবেশ করে নগর বিএনপি। শামসুল আলমের সভাপতিত্বে ওই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বিএনপির নেতা এ এম নাজিম উদ্দিন, আবু সুফিয়ান, মাহবুবুর রহমান, কাজী বেলাল, শফিকুর রহমান, শাহ আলম, মোশাররফ হোসেন প্রমুখ।