চট্টগ্রামে বিএনপির মহাসচিবসহ তিন নেতার বিরুদ্ধে সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ তিন নেতার বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালত সমন জারি করেছেন। চট্টগ্রাম জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম কেশব রায় চৌধুরী আগামী ২৩ সেপ্টেম্বর তাঁদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে করা একটি মামলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালত এ আদেশ দেন। গত বুধবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউল খায়ের চৌধুরী আদালতে এ মামলা করেন।আদালত সূত্র জানায়, মামলার অপর দুই আসামি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। মামলায় অভিযোগ করা হয়, বিএনপির এই তিন নেতা গত ২৫ জুলাই রাজধানীর মুক্তাঙ্গনে এক সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন।চট্টগ্রাম জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, রাজধানীর মুক্তাঙ্গনে বিএনপির শীর্ষস্থানীয় তিন নেতার হুমকি প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। আদালত তাঁদের বিরুদ্ধে সমন জারি করেছেন।আদালত সূত্র জানায়, আদালত ফৌজদারি কার্যবিধির ১২০(খ) ও ৫০৬(খ) ধারায় অভিযোগ আমলে নিয়ে বিএনপির ওই তিন নেতাকে আগামী ২৩ সেপ্টেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেছেন।