চট্টগ্রাম নগরজুড়ে বিক্ষিপ্তভাবে প্রায় ১৮ কিলোমিটার এলাকায় মানববন্ধন করেছে বিএনপি। গতকাল রোববার দুপুরে নগর বিএনপি উদ্যোগে ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। দ্রব্যমূল্যের উর্ধগতি, তীব্র লোডশেডিং, আইনজীবী ও সাংবাদিক নির্যাতন এবং ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ প্রতিবাদে স্থানীয়ভাবে এই কর্মসূচীর আয়োজন করা হয়। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারন সম্পাদক শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতারা দামপাড়ায় জমিয়তুল ফালাহ মসজিদের সামনে মানববন্ধনে অংশ নেন। এছাড়া নগরের পতেঙ্গা স্টিল মিল বাজার, বন্দরটিলা বাজার, ইপিজেড মোড়, কাস্টম হাউজ মোড়, নিমতলা, বাদামতলী, দেওয়ানহাট মোড়, বহদ্দারহাট মোড়, বাকলিয়া ও কর্ণফুলী সেতু এলাকায় একই সময়ে মানবন্ধন হয়।দলীয় সূত্র জানায়, পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে শুরু করে কর্ণফুলী তৃতীয় সেতু এলাকা পর্যন্ত ১৮ কিলোমিটার দীর্ঘ নিরবিচ্ছিন্ন মানবন্ধন করে স্থানীয় বিএনপি নগরবাসীকে চমক দিতে চেয়েছিল। এজন্য একাধিকবার বৈঠকও করা হয়। কিন্তু গতকাল শেষ পর্যন্ত দীর্ঘ এবং নিরবিচ্ছিন্ন মানববন্ধন কর্মসূচী পালন সম্ভব হয়নি। বরং বিভিন্ন এলাকায় আলাদাভাবে কর্মসূচী পালন করা হয়।এ প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, পবিত্র রমজান এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হয়তো লোকজন ১৮ কিলোমিটার নিরবচ্ছিন্ন মানবন্ধন কর্মসূচী পালন করেনি। কিন্তু এই ১৮ কিলোমিটারের মধ্যে আলাদাভাবে একই সময়ে কর্মসূচী পালিত হয়েছে। এতে পথচারী, বাস-ট্রাক চালকসহ সাধারন মানুষের স্বতস্ফূর্ত সমর্থন পাওয়া গেছে।