চট্টগ্রামে বিএনপির শাহাদাত অনুসারীদের প্রতিবাদ সমাবেশ
চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদকের গাড়িতে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে ছাত্রদল, যুবদল ও মহিলা দল নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল শুক্রবার সকালে নগরের নাসিমন ভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দলের মধ্যে একটি সুবিধাবাদী পক্ষ সরকারের হয়ে কাজ করছে। সরকারবিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন তারা তাতে বাধা সৃষ্টি করছে। এদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
বক্তারা বলেন, বিএনপি সাধারণ সম্পাদকের গাড়িতে যারা আগুন দিয়েছে, তাদের কঠোর হস্তে দমন করতে হবে। ষড়যন্ত্র প্রতিহত করে এগিয়ে যেতে হবে। সমাবেশে যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় সহসম্পাদক সালেহ উদ্দিন, নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ প্রমুখ বক্তব্য দেন। গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের জন্মদিন পালন নিয়ে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এ সময় বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।