চট্টগ্রামে বিএনপির শুকরিয়া আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ পাচার মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান বেকসুর খালাস পাওয়ায় চট্টগ্রাম নগর বিএনপি গতকাল রোববার শুকরিয়া আদায় করেছে। রায় ঘোষণার পর দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
মোনাজাতের সময় সংক্ষিপ্ত বক্তৃতায় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শহীদ জিয়ার পরিবারের সদস্যদের প্রতিনিয়ত ভাবমূর্তি নষ্টের যে উদ্যোগ ও চেষ্টা তা ব্যর্থ হয়েছে। এই রায়ে প্রমাণিত হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগটি মিথ্যা ছিল। শহীদ জিয়া সততা নিয়ে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন তারেক রহমানও একই রকম সততা নিয়ে ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবেন। আর তারেক রহমানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে যাঁদের মাথাব্যথা তাঁদের প্রতি এই রায় সতর্কবার্তা। মোনাজাত অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান, নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মোনাজাতের আগে গতকাল দুপুরের দিকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন।