চার দলের আজ সোমবারের জনসভা সফল করতে শেষ মুহূর্তে বিএনপির প্রচারণা জোরদার করা হয়েছে। বিএনপির চট্টগ্রাম অঞ্চলের কেন্দ্রীয় নেতারা নগরের বিভিন্ন জায়গায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেছেন।খসরু: নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল বন্দর এলাকায় মিনি ট্রাকে চড়ে পথসভা করেন। এ সময় তিনি আজকের পলোগ্রাউন্ডের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে নেতা-কর্মীদের আহ্বান জানান। পথসভায় তিনি বলেন, পলোগ্রাউন্ড মাঠে একটি ইতিহাস সৃষ্টি হবে। স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশের মাধ্যমে দেশনেত্রী দেশ রক্ষা ও গণতন্ত্র রক্ষার ঘোষণা দেবেন।বন্দর এলাকার পর নগরের কাজীর দেউড়ি ও মেহেদীবাগে রোডমার্চ ও মহাসমাবেশের সমর্থনে প্রচারপত্র বিলি করেন আমীর খসরু। পরে বিকেলে তিনি পলোগ্রাউন্ড মাঠে জনসভাস্থল পরিদর্শন করেন এবং মঞ্চ তৈরির সর্বশেষ অবস্থা দেখেন। এ ছাড়া তিনি মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গঠিত বিভিন্ন উপকমিটির সঙ্গে দফায় দফায় বৈঠক করেন।নোমান: এদিকে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন ও আশপাশের এলাকায় মিনি ট্রাকে চড়ে গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি পলোগ্রাউন্ডের জনসভাকে জনতার সমুদ্রে পরিণত করতে দলীয় কর্মী-সমর্থকদের আহ্বান জানান। নোমান এ সময় বলেন, চট্টগ্রাম থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। চট্টগ্রামেই তিনি শাহাদাত বরণ করেছিলেন। তাই এই চট্টগ্রামের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের আবেগ জড়িয়ে আছে।পরে নোমান ট্রাকের বহর নিয়ে নগরের কদমতলী মোড়, টাইগারপাস মোড় পাহাড়তলী বাজার, অলংকার মোড়, দেওয়ানহাট ও বাদামতলী মোড়ে পৃথক পথসভায় বক্তব্য দেন। এ সময় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসাইন, শ্রমিক দলের নেতা নুরুল্লাহ বাহার, পাহাড়তলী থানা বিএনপির সভাপতি কাউন্সিলর শামশুল আলম, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি এম এ সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।