চট্টগ্রামে বিএনপির শোকযাত্রায় পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বনির্ধারিত শোকযাত্রায় পুলিশ বাধা দেওয়ায় দলীয় কার্যালয়ের সামনে সড়ক দখল করে প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। গতকাল মঙ্গলবার বিকেলে সমাবেশ চলাকালে নুর আহমদ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিএনপির কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ১৩ মে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে আহত এবং পরে নিহত যুবদলের কর্মী হুমায়ুন কবির স্মরণে এই শোকযাত্রার আয়োজন করা হয়। সমাবেশে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘শোকযাত্রা হচ্ছে রাজনৈতিক কর্মসূচির মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ। কিন্তু পুলিশ প্রশাসন এতেও বাধা দিয়েছে। আমরা নিয়মতান্ত্রিক পন্থায় শোকযাত্রা করতে চেয়েছিলাম। আমাদের সাংবিধানিক অধিকার কারও মর্জির ওপর নির্ভর করে না।’ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী গতকাল বিকেলে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোকযাত্রার জন্য বিএনপির নেতা-কর্মীরা নুর আহমদ সড়কে দুই সারি করে দাঁড়িয়ে যান। এ সময় শোকযাত্রার সামনে পুলিশ এসে দাঁড়ায়। শোকযাত্রা শুরু নিয়ে পুলিশের সঙ্গে আমীর খসরুর মৃদু বাগিবতণ্ডা হয়। আমীর খসরু বারবার বলেন, ‘রাজনৈতিক কর্মসূচি পালন করা আমার সাংবিধানিক অধিকার।’ তখন পুলিশ কর্মকর্তারা বলেন, ওপরের নির্দেশ নেই। তখন আমীর খসরু বলেন, ‘ওপরে আমিও ছিলাম। আমাকে ওপরের কথা বলে লাভ নেই।’ এ সময় চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) আবদুল্লাহেল বাকী বলেন, ‘স্যার, আপনাদের সঙ্গে এভাবে কথা বলা আমাদের জন্য বিব্রতকর। আমাদেরও কিছু বাধ্যবাধকতা আছে।’ শেষ পর্যন্ত উভয় পক্ষের সম্মতিতে দলীয় কার্যালয় থেকে মাত্র দুই থেকে তিন গজ সামনে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। এরপর প্রতিবাদ সমাবেশের মাধ্যমে দলীয় কর্মসূচি শেষ করে বিএনপি। প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, বিএনপির সদস্য মাহবুবুর রহমান, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সদস্য ইয়াসিন চৌধুরী প্রমুখ।