চট্টগ্রামে বিএনপির সমাবেশে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া
চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড়ে জনসভায় বিএনপির দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। সমাবেশ শুরুর আগে আবদুল্লাহ আল নোমানের অনুসারী হিসেবে পরিচিত লোকজন মঞ্চের পেছনে একটি কাপড়ে আগুন ধরিয়ে দেয়। তখন আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষের লোকজন তাদের ধাওয়া করে। পরে সেখানে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে আমীর খসরুর অনুসারীরা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিভাগীয় মহাসমাবেশ সামনে রেখে এ সমাবেশের আয়োজন করা হয় বলে জানা গেছে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক প্রথম আলোকে বলেন, সমাবেশ শুরুর আগে বিএনপির নোমান ও আমীর খসরুর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। তাত্ক্ষণিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেগম খালেদা জিয়ার সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি দেওয়ানহাট মোড়ে সমাবেশের কর্মসূচি দেয়। বিকেলে ডবলমুরিং এলাকার নোমান-সমর্থিত স্থানীয় থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হালিমের নেতৃত্বে একদল যুবক মঞ্চে হামলার চেষ্টা করে। তারা মঞ্চের পেছনে একটি কাপড়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় খসরুর সমর্থকেরা এসে দেওয়ানহাট মোড়ে অবস্থান নেয় এবং নোমান পক্ষের লোকজনকে ধাওয়া করে। আবদুল হালিম আগুন দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘মঞ্চের পেছনে কাপড়ে নয়, আমরা মঞ্চে আগুন দিয়েছি।’ নোমানের সমর্থকেরা চলে যাওয়ার পর মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু দেওয়ানহাট মোড়ে এসে সমাবেশ করেন। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, মঞ্চ ভাঙার মতো কোনো ঘটনা ঘটেনি। সেখানে ভালোভাবেই সমাবেশ হয়েছে এবং এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে। কিছু লোক বিএনপির মূল স্রোতের বাইরে গিয়ে বিভিন্নভাবে ঝামেলা করছে।