চট্টগ্রামে বিএনপির সমাবেশে হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করতে গিয়ে চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তাঁরা প্রতিপক্ষকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন। একপর্যায়ে এক পক্ষ অপর পক্ষের নেতা-কর্মীদের ধাওয়া করে সমাবেশস্থল থেকে বের করে দেন। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সমর্থক এবং দলের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমানের অনুসারীদের মধ্যে এই ঘটনা ঘটে। সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য নাম ঘোষণাকে কেন্দ্র করে কর্মসূচির মাঝখানে গতকাল বৃহস্পতিবার বিকেলে নাসিমন ভবনের কার্যালয়ে এ ঘটনার সূত্রপাত হয়।হাতাহাতি শেষে সমাবেশে বিএনপির নেতারা অভিযোগ করেন, সরকার আদালতকে ব্যবহার করে সংবিধান ধ্বংস করছে। সেই সঙ্গে বিএনপিকে ধ্বংসের মাধ্যমে বাকশাল কায়েমের চেষ্টা করছে। সরকারি দলের লোকজন শেয়ারবাজার লুটের সঙ্গে জড়িত। তাদের কাছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান অসহায়। দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে। ‘শেয়ারবাজার লুটের প্রতিবাদে এবং আরাফাত রহমান কোকোকে মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে সাজা দেওয়ার প্রতিবাদে’ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নগর বিএনপির সহসভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান, কাজী বেলাল উদ্দিন, এস এম সাইফুল আলম, এম এ হান্নান, জাকারিয়া সেলিম, শফিকুর রহমান স্বপন প্রমুখ। সমাবেশ শেষে বিএনপির নেতারা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। ফলে মিছিল ছাড়াই কর্মসূচি শেষ হয়।