চট্টগ্রামে বিএনপির ১২ জনকে কারাগারে পাঠালেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নাশকতার একটি মামলায় ইপিজেড থানা বিএনপির আহ্বায়ক সরফরাজ কাদেরসহ বিএনপির ১২ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনুর এ আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, গত বছরের ১০ ফেব্রুয়ারি ২০-দলীয় জোটের হরতালের সময় নগরের বন্দরটিলা কসাই গলির মুখে জোটের নেতা-কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ও তদন্ত শেষে একই বছরের ৩১ মে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আসামি করা হয় ৩১ জনকে।

এর মধ্যে ১২ আসামি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে এ আদেশ দেন। অন্য আসামিদের মধ্যে তিনজন জামিনে ও বাকিরা পলাতক।