চট্টগ্রামে বিএনপির ৩০ কর্মী-সমর্থক গ্রেপ্তার
‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচির প্রচারণার সময় চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে চারদলীয় জোটের ৩০ জন কর্মী ও সমর্থককে পুলিশ গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে গতকাল শুক্রবার বিকেলেই জামিন পান আটজন।নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহা. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার ভোর পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মোট ১৭২ জন গ্রেপ্তার হয়। তাঁদের মধ্যে ৩০ জন কেবল রাজনৈতিক দলের কর্মী-সমর্থক। অন্যরা বিভিন্ন মামলার আসামি।নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। কেউ জামিন পাচ্ছেন, অন্যদের কারাগারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এভাবে গণগ্রেপ্তার চালিয়ে সরকার টিকে থাকতে পারবে না।’পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ৩০ জন কর্মী-সমর্থকের মধ্যে আটজন বিএনপির বিতর্কিত নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। গত বৃহস্পতিবার রাতে নগরের জিইসি মোড়ের একটি রেস্টুরেন্টে জড়ো হন তাঁরা। সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গতকাল তাঁরা আদালত থেকে জামিনে বেরিয়ে যান।চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) এনামুল হক প্রথম আলোকে বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ার আটজন কর্মী শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আদালত থেকে জামিনে মুক্তি পান। আগের দিন বৃহস্পতিবার রাতে পুলিশ কোনো কারণ ছাড়াই তাঁদের ধরে ৫৪ ধারায় চালান দেয়।