চট্টগ্রামে বিএনপির ৪৯ নেতা-কর্মীর জামিন
দ্রুত বিচার আইনে করা দুটিসহ মোট চারটি মামলায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীসহ ৪৯ নেতা-কর্মী গতকাল রোববার জামিন পেয়েছেন। গতকাল সকালে আসলাম চৌধুরীসহ ১১ জনের জামিন মঞ্জুর করেন অতিরিক্ত মুখ্য মহানগর মো. আবদুর রহমান এবং বিকেলে বাকি ৩৮ নেতা-কর্মীর জামিন মঞ্জুর করেন মুখ্য মহানগর হাকিম এ বি এম নিজামুল হক। জামিন পাওয়া উল্লেখযোগ্য অন্য নেতারা হলেন: যুবদলের কেন্দ্রীয় নেতা আবুল হাশেম, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল, সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সাত্তার ও ইয়াসিন চৌধুরী, ছাত্রদলের নেতা গাজী সিরাজ, মো. আফসার, যুবদলের নেতা শেখ রাসেল, মো. আব্বাস প্রমুখ।আদালত সূত্র জানায়, আসলাম চৌধুরী, আবুল হাশেমসহ ১১ জন ২০ জুন পর্যন্ত জামিন পেয়েছেন। আর অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে বাকি ৩৮ জনকে। আসামিদের কৌঁসুলি কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আসলাম চৌধুরীসহ ৪৯ জন রাজনৈতিক নেতা-কর্মী হাইকোর্টের জামিনে ছিলেন।উচ্চ আদালতের নির্দেশে তাঁরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। চট্টগ্রামের আদালত তাঁদের জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন। প্রসঙ্গত, গত ১৩ মে বিকেলে ১৮ দলের কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় নেতাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। শতাধিক গাড়ি ভাঙচুর করা হয়। এতে অন্তত ৩০ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনার জের ধরে নগরের বেশির ভাগ এলাকায় সংঘর্ষ ছড়িয়ে যায়।পরে পুলিশ বিএনপি-জামায়াতের প্রায় আড়াই হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় চারটি এবং খুলশী থানায় দুটি মামলা করে। এর মধ্যে দ্রুত বিচার আইনে করা তিনটি মামলায় গত ২৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।