চট্টগ্রামে বিএমএ নির্বাচন নিয়ে বহুধা বিভক্ত স্বাচিপ
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনকে কেন্দ্র করে সরকারপন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বহুধা বিভক্ত হয়ে পড়েছে। বিভক্ত পক্ষগুলোকে একই ছাতার নিচে আনার চেষ্টা চললেও এখনো আলোর দেখা মিলছে না। জানা গেছে, আগামী ২৯ নভেম্বর বিএমএর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এতে এখন পর্যন্ত স্বাচিপের তিনটি পক্ষ আলাদাভাবে মনোনয়নপত্র জমা দিয়েছে। গতবার নির্বাচনে স্বাচিপের দুটি পক্ষ অংশ নিয়েছিল। সেবার শফিউল আজম-নাছির উদ্দিন মাহমুদ পরিষদ জয়লাভ করে। এবারও এই দুই পক্ষ মনোনয়ন জমা দিয়েছে। অন্য পক্ষটি হচ্ছে গতবারের বিদ্রোহী এ কিউ এম সিরাজুল ইসলাম-মিনহাজুর রহমান পরিষদ। তবে গতবারের বিজয়ী শফি-নাছির পরিষদ থেকে বের হয়ে এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ বিভিন্ন পদে পৃথকভাবে মনোনয়ন জমা দিয়েছেন স্বাচিপ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক মুজিবুল হক ও স্বাচিপ জেলা কমিটির সদস্যসচিব মো. শরীফ।জানা গেছে, স্বাচিপের বহুধা বিভক্ত পক্ষগুলোকে একীভূত করার প্রক্রিয়া শুরু হয়েছে প্রায় ১৫ দিন আগে। নগর আওয়ামী লীগের নেতা আজম নাছির উদ্দিনের ওপর এই ঐক্য প্রক্রিয়ার ভার পড়েছে। এর মধ্যে তিনি পক্ষগুলোর সঙ্গে পৃথকভাবে বসেছেন বলে জানা গেছে। কিন্তু এতেও কোনো রকম সমাধানের পথ খুঁজে পাওয়া যায়নি। ২৩ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের কথা রয়েছে। এ প্রসঙ্গে আজম নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘স্বাচিপের একাধিক ব্যক্তি মনোনয়ন জমা দিয়েছেন। আমরা চাচ্ছি একই প্যানেলে এসে নির্বাচন করতে। আমি ইতিমধ্যে তিনটি পক্ষের সঙ্গে কথা বলেছি। এখনো সবাই একমত হয়নি। আমি পুরোনোদের বাদ দিয়ে নতুনদের আনতে চাই। পুরোনোদের অনেক কর্মকাণ্ড সমালোচিত হয়েছে।’জানা গেছে, স্বাচিপের তিন পক্ষকে একীভূত করার প্রক্রিয়ার অংশ হিসেবে কয়েকটি প্রস্তাব বিবেচনায় এসেছে। এর মধ্যে মুজিবুল হককে সভাপতি ও মো. শরীফকে সাধারণ সম্পাদক পদে দিয়ে একটি ঐক্য প্রক্রিয়া চলছে। তবে এতে বাদ সেধেছে গতবারের বিদ্রোহী প্যানেল সিরাজ-মিনহাজ পরিষদ। এই দুটি পদের যেকোনো একটি তারা চাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার পরিচালক মো. শরীফ এখন ঢাকামুখী বলে তাদের দাবিটি আরও জোরালো হয়েছে।এ প্রসঙ্গে মিনহাজুর রহমান বলেন, ‘গতবার আমরা নির্বাচন করে অনেক ভোট পেয়েছি। সে ক্ষেত্রে আমরা সভাপতি ও সাধারণ সম্পাদকের যেকোনো একটি পদ চেয়েছি। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। যদি বঞ্চিত হই, তা হলে একক নির্বাচনের কথা বিবেচনা করব।’ ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে বর্তমান বিএমএর সভাপতি শফিউল আজম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মাহমুদকে ঢাকায় বিএমএর কেন্দ্রীয় কমিটিতে স্থানান্তরের চেষ্টা চলছে। এ প্রসঙ্গে বিএমএর বর্তমান সাধারণ সম্পাদক স্বাচিপ নেতা নাছির উদ্দিন মাহমুদ বলেন, ‘ঐক্য প্রক্রিয়া চলছে। আমাদের সঙ্গে নাছির ভাইয়ের কথা হয়েছে। এখন একসঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরাও চাচ্ছি একসঙ্গে নির্বাচন করতে।’জানা গেছে, নির্বাচনে বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাবও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক মনোনয়ন জমা দিয়েছেন। তবে শেষ পর্যন্ত তাঁরা সমঝোতার মাধ্যমে এককভাবে নির্বাচন হবে বলে শোনা যাচ্ছে। একইভাবে জামায়াতপন্থী চিকিৎসক সংগঠন এনডিএফও এককভাবে প্যানেল জমা দিয়েছে।