চট্টগ্রামে বিএমএ নির্বাচনের ভোট গ্রহণ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে চট্টগ্রামে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট গ্রহণ চলাকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।ভোট গ্রহণের স্থান নগরের জিইসি মোড়ে বিএমএ ভবন ও এর আশপাশে সকাল আটটা থেকে চিকিৎসকদের ভিড় ছিল লক্ষণীয়। এ সময় চিকিৎসকদের পাশাপাশি সেখানে প্রতিটি পরিষদের পক্ষে বহিরাগতদের দেখা গেছে।এদিকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর সকাল নয়টার দিকে একটি বুথে সাধারণ সম্পাদক প্রার্থী আ ম ম মিনহাজুর রহমানের একজন এজেন্টকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) লোকজন লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। তখন এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সকালে মিনহাজুর রহমান বলেন, ‘স্বাচিপ নির্বাচনকে একপেশে করার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা আমার এক এজেন্টকে মারধর করেছে।’ বিএনপি ও জামায়াত-সমর্থিত চিকিৎসকদের পরিষদের সভাপতি প্রার্থী খুরশিদ জামিল চৌধুরী বলেন, ‘স্বাচিপের প্রার্থীরা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে বুথে ঢুকে যাচ্ছেন। তাঁরা এজেন্টদের ভয়ভীতি দেখাচ্ছেন।’তবে সব অভিযোগ অস্বীকার করেছেন স্বাচিপের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ শরীফ। তিনি বলেন, ‘পরাজয়ের ভয়ে তাঁরা আগে থেকেই আমাদের দোষারোপ শুরু করেছে। আমরা কাউকে লাঞ্ছিত করিনি।’ মোহাম্মদ শরীফ পাল্টা অভিযোগ করে বলেন, তাঁদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে বহিরাগতরা এসে স্লোগান দিয়েছে।