চট্টগ্রামে বিএসটিআইয়ে জনবলের সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা ও ৯৮টি উপজেলায় পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী অভিযানের জন্য বিএসটিআইয়ের মাঠপর্যায়ের কর্মকর্তা রয়েছেন মাত্র ১০ জন। আর তালিকাভুক্ত ১৫৫টি পণ্যের মধ্যে মাত্র ৫৬টির মান পরীক্ষা করা যায় চট্টগ্রাম বিএসটিআইয়ের পরীক্ষাগারে।
জেলাভিত্তিক কার্যালয় না থাকায় পুরো বিভাগের কার্যক্রম নিয়ন্ত্রণ হয় চট্টগ্রাম থেকে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সে কারণে নগরে মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত ও বিএসটিআইয়ের পরিদর্শক দলের অভিযান চললেও বাইরের জেলা-উপজেলাগুলো এ থেকে বঞ্চিত। ফলে সেখানে ভেজাল প্রতিরোধে নজরদারি নেই বললেই চলে।
বিএসটিআই সূত্র জানায়, ওজন পরিমাপ ও পণ্যের মান যাচাইয়ে প্রধানত এসব অভিযান চালানো হয়। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে চট্টগ্রাম বিভাগে ওজনে কারচুপির ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত ও পরিদর্শক দল পৃথকভাবে ১০৩টি অভিযান চালিয়েছেন। অভিযানে মামলা করা হয়েছে ৭৬টি এবং জরিমানা করা হয়েছে ১৮ লাখ ৬৫ হাজার টাকা। আর ভেজালবিরোধী অভিযান পরিচালিত হয়েছে ১০৬টি। এ-সংক্রান্ত মামলার সংখ্যা ২৫৬। এ ছাড়া ভেজালবিরোধী অভিযানে প্রথম সাত মাসে জরিমানা করা হয়েছে ১৪ লাখ টাকা।
চট্টগ্রাম বিএসটিআইয়ের কার্যালয় মাত্র ৫৬টি পণ্যের সনদ দিতে পারে। এর মধ্যে ১৩টি পণ্যের আংশিক পরীক্ষার সামর্থ্য রয়েছে প্রতিষ্ঠানটির। সূত্রমতে, এতে লাইসেন্স পেতে ভোগান্তিতে পড়তে হয় অনেক ব্যবসায়ীকে। এসব লাইসেন্সের মেয়াদ তিন বছর। কিন্তু সঠিক নজরদারি না থাকায় অনেকেই লাইসেন্স নবায়ন করান না।
বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও উপপরিচালক শওকত ওসমান প্রথম আলোকে বলেন, ‘এত স্বল্পসংখ্যক জনবল নিয়ে কঠোর নজরদারি করা সম্ভব হয় না। তার পরও সীমিত জনবল নিয়ে দায়িত্ব পালনের আপ্রাণ চেষ্টা করছি। মাঠপর্যায়ের কর্মকর্তা নিয়োগের জন্য ইতিমধ্যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। নতুন নিয়োগ সম্পন্ন হলে কার্যক্রম আরও গতিশীল হবে।’
বিএসটিআইয়ের কার্যক্রমের ফলে চট্টগ্রামে ভেজালের পরিমাণ ৭০ শতাংশেরও বেশি কমে গেছে বলেও তিনি দাবি করেন। এ ছাড়া আরও বেশি পণ্যের মান যাচাইয়ের জন্য নতুন যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া চলছে বলেও জানান এই কর্মকর্তা।
এ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি নাজির হোসেন বলেন, জনবলের সংকট রয়েছে, এটি সত্য। তবে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে আন্তরিকতারও ঘাটতি রয়েছে। বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামে শিল্পকারখানার সংখ্যা অনেক। সে হিসেবে প্রতিষ্ঠানটিকে আরও গতিশীল করতে হবে।