বাসে ও অটোরিকশায় অগ্নিসংযোগ, ভাঙচুরসহ সহিংস ঘটনার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে তৃতীয় দিনের মতো হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে পেট্রলবোমার আঘাতে টেম্পোর এক সহকারী গুরুতর আহত হন। পুলিশ নগরের বিভিন্ন স্থান থেকে বিএনপির ১৩ জন নেতা-কর্মীকে আটক করেছে। তাঁদের মধ্যে নগর মহিলা দলের সভানেত্রীসহ ছয়জন নারীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।গতকালের হরতালে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ ছিল। তবে গতকাল ভোর থেকে নগরে সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো, রাইডার এবং সীমিত আকারে কিছু বাস চলাচল করতে দেখা গেছে। তবে আগের দিন রোববারের মতো গতকালের হরতালে স্বতঃস্ফূর্ততা ছিল না। গতকাল ভোর থেকেই নগরের বিভিন্ন স্থানে হরতাল-সমর্থকেরা বিক্ষিপ্তভাবে যানবাহনে হামলা চালায়।গতকাল ভোর পাঁচটায় নগরের পাহাড়তলী থানাধীন অলংকার মোড়ে ‘স্কাই লাইন’ সার্ভিসের একটি বাসে আগুন লাগিয়ে দেয় পিকেটাররা। দমকল বাহিনী আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় বাসের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আরেফীন জুয়েল প্রথম আলোকে বলেন, ‘ভোরে কারা ওই বাসে আগুন লাগিয়ে দেয়, তা জানা যায়নি।’ গতকাল সকাল সোয়া সাতটার দিকে শহরতলির কাপ্তাই সড়কের কাদিরহাট এলাকায় একদল যুবক হঠাৎ করে যানবাহন ভাঙচুর শুরু করে। তারা একটি টেম্পোতে পেট্রলবোমা ছুড়ে মারলে তা টেম্পো সহকারীর গায়ে পড়ে। চালক একটানে গাড়িটি বোয়ালখালীতে নিয়ে যান। সেখানে আহত সহকারী নিজামউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। হাসপাতাল সূত্র জানায়, আহত নিজামের অবস্থা আশঙ্কাজনক। পেট্রলবোমায় তাঁর মুখ, হাত ও বুক ঝলসে গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, কাপ্তাই সড়কের মাথায় সাতটি যানবাহন ভাঙচুর করে পিকেটাররা। এ সময় পুলিশ পিকেটারদের তাড়া করে চারজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে বলে থানার পুলিশ জানিয়েছে।গতকাল ভোরের দিকে নগরের বারিক বিল্ডিং মোড়ে অবস্থান নেন জাতীয়তাবাদী মহিলা দলের নগর শাখার সভাপতি মনোয়ারা বেগম ও তাঁর অনুসারীরা। সকালে সেখান থেকে মিছিল বের করা হয়। মিছিলের একপর্যায়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সংলগ্ন সড়ক অবরোধের চেষ্টা করলে মনোয়ারা বেগমসহ ছয়জনকে আটক করে ডবলমুরিং থানায় নিয়ে যায় পুলিশ। ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার আরেফীন জুয়েল বলেন, ‘মনোয়ারা বেগমের নেতৃত্বে একদল পুরুষ ও মহিলা সড়ক অবরোধ ও যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়।’ নগরের কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকায় পিকেটিং করার সময় একজনকে আটক করে পুলিশ। সকালে কদমতলী এলাকায় পিকেটাররা বিআরটিসির একটি বাস ভাঙচুর করে। পুলিশ দুই পিকেটারকে আটক করে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বিআরটিসির বাস ভাঙচুর করায় দুজনকে ও পিকেটিং করায় একজনকে আটক করা হয়েছে।’ বিএনপির নেতা-কর্মীরা সকাল থেকে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে মিছিল-সমাবেশ করেন। সমাবেশ থেকে নেতারা বিএনপির নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবি করেন। তাঁরা অভিযোগ করেন, সরকারই ইলিয়াস আলীকে গুম করেছে।