চট্টগ্রামে বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান (তনু) হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল বুধবার নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করে বিভিন্ন সংগঠন।
নৃশংস এই হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিতে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা গতকাল দুপুরে প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে।
বিকেলে প্রেসক্লাবের সামনে রাঙ্গুনিয়া ইঞ্জিনিয়ার্স ফোরাম নামের একটি সংগঠন একই দাবিতে মানববন্ধন এবং সমাবেশ করে। সমাবেশে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, তনু হত্যাকাণ্ড নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লুকোচুরির আশ্রয় নিচ্ছে। জাতির কাছে দ্রুত সত্য উদ্ঘাটন করতে হবে।
সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জিনবোধী ভিক্ষু, ফোরামের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাংবাদিক শুকলাল দাশ প্রমুখ বক্তব্য দেন।