চট্টগ্রামে বিচারক হত্যা মামলায় অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদ হত্যা মামলায় তিন নারীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে চট্টগ্রাম আদালতে অভিযোগপত্রটি জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক কাজল কান্তি চৌধুরী । 

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোত্তাকি ইবনুন মিনান প্রথম আলোকে বলেন, হালিশহর থানার বিচারক হত্যা মামলায় পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে সিআইডি। অভিযোগপত্রটি বিচারক দেখার পর শুনানির জন্য দিন ধার্য করবেন।
মামলার তদন্ত কর্মকর্তা কাজল কান্তি বলেন, তদন্তে প্রমাণিত হয়েছে বিচারক আত্মহত্যা করেননি। তাঁকে মাথায় আঘাত করে খুন করা হয়েছে। এ জন্য পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। আসামিরা হলেন, ওই বিচারকের পূর্ব পরিচিত সানজিদা আক্তার, সানজিদার মা লাকি আক্তার, বাবা নাসির উদ্দিন, ভাই মো. ইমরান ও বাড়ির গৃহকর্মী রিমা আক্তার। এদের মধ্যে ইমরান কারাগারে, নাসির পলাতক, জামিনে আছেন তিন নারী। অভিযোগপত্রে ৪৮ জনকে সাক্ষী করা হয়েছে।
২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের হালিশহর মোল্লাপাড়া এলাকার একটি বাসায় বিচারকের মৃত্যু হয়। তাঁকে হাসপাতালে আনেন সানজিদা আক্তার ও লাকি আক্তার। তাঁরা বিচারক আত্মহত্যা করেছেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়িকে জানায়। পরে পুলিশের সন্দেহ হলে ওই দুজনকে সেদিন আটক করা হয়। এ ঘটনায় হালিশহর থানার পুলিশ বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে পরদিন হত্যা মামলা করেন।

আরও পড়ুন..