চট্টগ্রামে বিচারকের লাশ তুলে পুনঃ ময়নাতদন্তের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদ (৪৭) নামের এক বিচারকের মৃত্যুর দুই মাস চার দিন পর কবর থেকে লাশ উত্তোলন করে পুনঃ ময়নাতদন্তের জন্য আবেদন করা হয়েছে আদালতে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রামের পরিদর্শক কাজল কান্তি বড়ুয়া। শুনানি শেষে আদালত আগামী রোববার আদেশের জন্য দিন ধার্য রাখেন।
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, বিচারকের লাশ কবর থেকে তুলে পুনঃ ময়নাতদন্তের জন্য আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। আদালত এ বিষয়ে রোববার আদেশের জন্য রেখেছেন।
কাজল কান্তি বড়ুয়া বলেন, লাশের সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনের মধ্যে বেশ কিছু ঘাপলা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য লাশটির পুনঃ ময়নাতদন্ত প্রয়োজন। তাই আদালতে আবেদন জানানো হয়েছে।
কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদ নওগাঁর অতিরিক্ত জেলা জজ হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি দীর্ঘদিন চট্টগ্রামেও কর্মরত ছিলেন। গত ১৬ সেপ্টেম্বর নগরের হালিশহরের মোল্লাপাড়ার একটি বাসা থেকে বিচারকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হালিশহর থানা পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে। ৩০ সেপ্টেম্বর বিচারক আত্মহত্যা করেছেন বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসে। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।