চট্টগ্রামে বিচারপ্রার্থী তরুণীর ওপর আসামির হামলা
চট্টগ্রাম আদালত এলাকায় বিচারপ্রার্থী একজন তরুণীর ওপর হামলা চালিয়েছেন মামলার আসামি। গতকাল মঙ্গলবার দুপুরে আদালত ভবনসংলগ্ন মসজিদের কাছে আসামি হামলা চালান। পরে কয়েকজন আইনজীবী এই তরুণীকে রক্ষা করেন।হামলাকারী আসামির নাম আশরাফ আলী ওরফে বাবুল। তিনি নগরের টেরিবাজারের একটি কাপড়ের দোকানের কর্মচারী বলে জানা গেছে। এর আগেও আশরাফ এই তরুণীকে একাধিকবার নাজেহাল করেন। এই তরুণী চট্টগ্রাম কলেজ থেকে অনার্স পাস করেন।বিচারপ্রার্থী তরুণী প্রথম আলোকে বলেন, ‘গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার সময় আশরাফ আমার ওপর হামলা চালায়। প্রথমে আমার জামা ধরে টান দেয়। মুহূর্তের মধ্যে আমার গলা চেপে ধরে সে। কয়েকজন আইনজীবী আমাকে উদ্ধার করে।’ আদালত সূত্র জানায়, ২০১০ সালে আশরাফ এই তরুণীকে নগরের জহুর হকার্স মার্কেটের সামনে থেকে অপহরণ করে অজ্ঞাত জায়গায় নিয়ে যান। এরপর আটকে রেখে ধর্ষণ করা হয় তাঁকে। এ ঘটনায় আশরাফসহ দুজনকে আসামি করে মামলা করা হয়। ওই তরুণীর আইনজীবী মো. আলমগীর প্রথম আলোকে বলেন, ‘আদালতের কার্যক্রম শেষে বাদী আদালত কক্ষ থেকে চলে যান। এরপর কী হয়েছে তা বলতে পারছি না।’ হামলার শিকার ওই তরুণী বলেন, ‘দুই বছর ধরে আমি একের পর এক নির্যাতনের শিকার হচ্ছি। পৃথক ঘটনায় আমি একাধিক মামলা করেছি। গতকাল মঙ্গলবার সেই রকম একটি মামলার শুনানির দিন ধার্য ছিল। আদালত প্রাঙ্গণে আমার ওপর হামলা চালানো হচ্ছে। অথচ তিনটি মামলাতেই সে জামিনে মুক্ত।’ নগরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) উৎপল বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘ওই তরুণী থানায় এসেছিলেন। তবে তিনি সাধারণ ডায়েরি করেননি। আমি তাঁর পুরো বিষয় শুনেছি। তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। একের পর এক ঘটনায় ওই তরুণী এখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।’