চট্টগ্রামে বিচারপ্রার্থী তরুণীর বোনকে আসামির হুমকি
চট্টগ্রাম নগরে অপহরণ ও ধর্ষণের শিকার বিচারপ্রার্থী এক তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের এক আসামি ক্রমাগত হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।চট্টগ্রাম আদালত এলাকায়ও আসামির হামলার শিকার হন ওই তরুণী। তিন বছর ধরে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে ওই আসামি। সর্বশেষ দুই সপ্তাহ আগে তরুণীর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছোট বোনকে হুমকি ও লাঞ্ছিত করে সে। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন তরুণীর ছোট বোন।হামলাকারী আসামির নাম আশরাফ আলী ওরফে বাবুল। তিনি নগরের টেরিবাজারারের একটি কাপড়ের দোকানের কর্মচারী বলে জানা গেছে। এর আগেও আশরাফ এই তরুণীকে একাধিকবার নাজেহাল করেছেন বলে অভিযোগ রয়েছে।বিচারপ্রার্থী তরুণী প্রথম আলোকে বলেন, ‘গত ১৫ এপ্রিল বেলা দুইটার দিকে নগরের ওয়াসার মোড়ে আমার ছোট বোনের পথ রোধ করে মামলা প্রত্যাহারে হুমকি দেন আশরাফ আলী। আমার করা মামলায় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছোট বোন সাক্ষ্য দিয়েছিল। তাই আমার বোনকে আশরাফ লাঞ্ছিত করে। এমনকি আমার ছোট বোনের বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। আশরাফের হুমকি-ধমকির মুখে আমার বোনের ক্যাম্পাসে যাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।’তরুণীর পারিবারিক সূত্র জানায়, চলতি বছরের ১৯ জানুয়ারি নগরের টেরিবাজারে গেলে আশরাফ তরুণীকে বেদম মারধর করেন। পুলিশকে ঘটনাটি জানানোর পর আসামির বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।আদালত সূত্র জানায়, ২০১০ সালে আশরাফ এই তরুণীকে নগরের জহুর হকার্স মার্কেটের সামনে থেকে অপহরণ করে অজ্ঞাত জায়গায় নিয়ে যান। এরপর আটকে রেখে ধর্ষণ করা হয় তাঁকে। এ ঘটনায় আশরাফসহ দুজনকে আসামি করে মামলা করা হয়।পুলিশ সূত্র জানায়, তরুণীর করা একটি মামলায় আশরাফ সর্বশেষ গত বছরের ১১ জুন গ্রেপ্তার হন। এরপর জামিনে বেরিয়ে এসে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। এ বিষয়ে নগরের কোতোয়ালি থানার উপপরিদর্শক ইমাম হোসেন বলেন, ‘ওয়াসার মোড়ের ঘটনাটি তদন্ত করে দেখছি।’ এ বিষয়ে জানতে একাধিকবার আশরাফের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।