বড় কোনো সহিংসতা ছাড়াই গতকাল রোববার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মতিন) ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসেনার ডাকা আধা বেলা হরতাল পালিত হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদে রাজধানীসহ দেশের বেশির ভাগ জেলা শহরে জীবনযাত্রা ছিল প্রায় স্বাভাবিক। তবে চট্টগ্রাম, কুমিল্লা ও রাজশাহী শহরে গাড়ি চলাচল করেনি বললেই চলে। নারায়ণগঞ্জে ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাস। চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগ ও হরতালকারীদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। চাঁদপুরের শাহরাস্তিতে আটকে দেওয়া হয় একটি ট্রেন।
সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত সারা দেশে এ হরতাল ডাকা হয়। গত বুধবার রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় ফারুকীকে গলা কেটে হত্যা করা হয়।
ফারুকী ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আন্তর্জাতিক সম্পাদক। ইসলামী ছাত্রসেনার সভাপতি নুরুল ইসলাম চিশতী শনিবার সংবাদ সম্মেলন করে হরতালের ডাক দেন।
রাজধানীতে হরতাল: সকাল সাতটার দিকে যাত্রাবাড়ী, মতিঝিল, গুলিস্তান, পল্টন, প্রেসক্লাব, শাহবাগ ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা গেছে, যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, অটোরিকশা ও রিকশা চলছে। ঢাকার বাইরে থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসগুলো রাজধানীতে প্রবেশ করছে। অফিসগামী লোকজন ও শিক্ষার্থীদের নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে। এ সময় কয়েকজন যাত্রী বলেন, স্বাভাবিক কর্মদিবসের তুলনায় যান চলাচল কিছুটা কম। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল বেড়েছে।
চট্টগ্রাম: সকাল থেকে নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে হরতালকারীরা মিছিল-সমাবেশ করে। পুলিশ তাদের বাধা দেয়নি। দূরপাল্লার পাশাপাশি কোনো গাড়িই চলেনি। কিন্তু ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। বন্দরে পণ্য ওঠানামা কাজ হয়েছে। পিকেটিংয়ের সময় হামলায় খুলশী এলাকায় ছাত্রসেনার তিন কর্মী আহত হন। এই হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছে ছাত্রসেনা।
পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শাহ আমানত সেতু থেকে মোজাফ্ফরাবাদ পর্যন্ত অন্তত ২৫টি স্থানে লাঠিসোঁটা নিয়ে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে হরতালকারীরা। ওই সড়কে যানবাহন চলেনি। উপজেলা সদরেও গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে দেওয়া হয়। দোকানপাট, স্কুল-কলেজ ছিল বন্ধ।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা একটার দিকে মহাসড়কের পটিয়ার বোর্ড অফিস এলাকায় ছাত্রলীগ ও ছাত্রসেনার কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হন। কালাপপুল পুলিশ ফাঁড়ির এসআই সত্যরঞ্জন কাসকেল বলেন, ছাত্রলীগের দুই কর্মী মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
কুমিল্লা: সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে পিকেটাররা যান চলাচলে বাধা দেয়। ঝাউতলা ও বাদুড়তলা মোড়ে যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেয় একদল শিশু। এ সময় পুলিশ ছিল নীরব। এ ব্যাপারে পুলিশের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘হরতালকারীরা মিছিল করে জামায়াত ও হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের গালিগালাজ করছে। সরকারকে কিছু বলছে না। তাই আমরা পিকেটিংয়ে বাধা দিচ্ছি না।’
চাঁদপুর: চট্টগ্রামগামী মেঘনা আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি শাহরাস্তি উপজেলার চিতোষী রেলস্টেশনে হরতালকারীরা সকাল পৌনে সাতটা থেকে এক ঘণ্টা আটকে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ট্রেনটি পুনরায় ছেড়ে যায়।
রাজশাহী: হরতালকারীরা নগরের সাহেববাজার জিরো পয়েন্টে সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত অবস্থান করে। তবে কোথাও পিকেটিং লক্ষ করা যায়নি। নগরের ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট ছিল বন্ধ। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো যানবাহন ছেড়ে যায়নি।
নারায়ণগঞ্জ: কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বন্ধন পরিবহনের দুটি বাসসহ বেশ কয়েকটি বাস ভাঙচুর করেছে হরতালকারীরা। তারা ডিআইটি এলাকায় মিছিল করে।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও কুমিল্লা; নারায়ণগঞ্জ, চাঁদপুর ও পটিয়া প্রতিনিধি