চট্টগ্রামে বিজয় দিবস উপলক্ষে বৃদ্ধ বন্দীর মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস উপলক্ষে চ্ট্টগ্রামে সাজাপ্রাপ্ত এক বৃদ্ধ বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। তাঁর নাম সুরুজ আলী (৭৫)। আজ সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, নেত্রকোনার দুর্গাপুর থানায় ১৯৮০ সালে সুরুজ আলীর বিরুদ্ধে ডাকাতির একটি মামলা হয়। ওই মামলায় আদালত সুরুজ আলীকে সাত বছরের কারাদণ্ড দেন। তবে ডাকাতির ঘটনার পর নেত্রকোনা ছেড়ে খাগড়াছড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। ২০১২ সালের মাঝামাঝিতে ওই মামলায় তিনি গ্রেপ্তার হন। এরপর থেকে সুরুজ আলী খাগড়াছড়ির কারাগারে সাজা ভোগ করছিলেন। তবে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে চলতি বছরের ১৭ জানুয়ারি তাঁকে খাগড়াছড়ি কারাগার থেকে চিকিৎসার জন্য চট্টগ্রাম কারাগারে আনা হয়।

ছগির মিয়া আরও বলেন, বিজয় দিবস উপলক্ষে অচল, অক্ষম বন্দী হিসেবে মুক্তির জন্য কারাগারের বন্দী মুক্তি কমিটি গত ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুরুজ আলীর নাম সুপারিশ করে। এ সুপারিশের পরিপ্রেক্ষিতে সুরুজ আলীকে বিজয় দিবস উপলক্ষে মুক্তির জন্য রাষ্ট্রপতি আদেশ দেন। এই আদেশবলে তাঁর মুক্তির আদেশ এলে আজ তাঁকে মুক্তি দেওয়া হয়।