চট্টগ্রামে বিজয় মেলায় যুবলীগের বইয়ের স্টল
চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে আয়োজিত বিজয় মেলায় বইয়ের স্টল দিয়েছে যুবলীগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে ‘জ্ঞানের আলো ছড়াও তরুণ’ শীর্ষক এই স্টলের উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন।
নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এজাজ ইউসুফী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মহসীন চৌধুরী, বিজয় মেলা পরিষদের মহাসচিব আহমদুর রহমান ছিদ্দিকী প্রমুখ।
অধ্যাপক অনুপম সেন বলেন, ‘এই দেশকে ব্রিটিশরা শোষণ করেছে, পাকিস্তানিরা শোষণ করেছে। তারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে। আমাদেরকে হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার করতে হবে।’
নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, যুবসমাজকে জ্ঞান অর্জন করতে হবে। সে জ্ঞান সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। মেধা ও মননশীলতা চর্চা দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দিতে হবে।
এই বুক স্টলে যুবলীগের বিভিন্ন প্রকাশনা, বঙ্গবন্ধুর আত্মজীবনী, শেখ হাসিনার রচনা সমগ্র ও মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বিভিন্ন বই পাওয়া যাবে।