চট্টগ্রামে বিজয় মেলায় যুবলীগের স্টল 'যুব জাগরণ'
চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় যুবলীগের বিভিন্ন প্রকাশনা নিয়ে ‘যুব জাগরণ’ নামে বই প্রদর্শনী এবং বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আউটার স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে এর উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম।
মন্ত্রী নুরুল ইসলাম বলেন, জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে যুবলীগকে যুবসমাজের মধ্যে যুব জাগরণ সৃষ্টি করতে হবে। যুবকদের মেধা, মনন, জ্ঞান, বুদ্ধিবৃত্তিক রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে।
তরুণদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশ ও জনগণের সেবা করতে হলে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর মতো নেতা সারা বিশ্বে বিরল। তাই বঙ্গবন্ধুর জীবন, নীতিনৈতিকতা, নেতৃত্ব সম্পর্কে ধারণা থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন। যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মো. আতিকুর রহমান, শেখ সরওয়ার্দী, মোরশেদুল আলম প্রমুখ।