চট্টগ্রামে টহলে নেমেছে বিজিবি

চট্টগ্রামে আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল শুরু করেছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলো ডটকমকে জানান, বেলা ১১টা থেকে বিজিবি টহল দেওয়া শুরু করেছে।
চট্টগ্রামের লালদীঘি মাঠে আজ থেকে বিএনপি টানা চার দিন এবং আওয়ামী লীগ টানা তিন দিন পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর পুলিশ নগরে আজ ভোর ছয়টা থেকে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এই নিষেধাজ্ঞা জারি করেন। তিনি বলেন, ‘জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোটা চট্টগ্রাম মহানগর এলাকায় সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছি।’
পুলিশ কমিশনারের আদেশে বলা হয়েছে, ২৪ থেকে ২৭ অক্টোবর বিএনপি এবং ২৪ থেকে ২৬ অক্টোবর আওয়ামী লীগ লালদীঘি মাঠে সমাবেশ ডেকেছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক বিঘ্ন ঘটার আশঙ্কাসহ জনমনে আতঙ্ক ও ভীতির সঞ্চার হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার স্বার্থে চট্টগ্রাম মহানগর এলাকায় যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, মানববন্ধন, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি এবং লাঠিসোঁটা, ইটপাটকেল, তির-বর্শা, দা-কুড়াল, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, মাইক্রোফোন, লাউড স্পিকার ইত্যাদি বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
তবে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছেন, লালদীঘি ময়দানে পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করা হবে। ওই দিন কোনো বাধাই বিএনপিকে কর্মসূচি পালন থেকে বিরত রাখতে পারবে না।
গতকাল বিকেলে লালদীঘি মাঠে এক যুব সমাবেশে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ‘গণতন্ত্র হত্যার ষড়যন্ত্রকারীদের’ মোকাবিলায় যুবলীগকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।