চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় ক্যাস্পাসের সামনে বিক্ষোভ করেছেন।এ সময় রাস্তার একপাশ অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছ থেকে আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা নগরের প্রবর্তক মোড় এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেন। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের না জানিয়ে নগরের শের শাহ এলাকার ‘বিদ্যানিকেতন’ ক্যাম্পাসটি প্রবর্তক মোড়ে স্থানান্তর করেছে। ঘন ঘন ক্যাম্পাস স্থানান্তরের কারণে শিক্ষার্থীদের যাতায়াত ও পড়াশোনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তাই তাঁরা বিশ্ববিদ্যালয়ের একটি স্থায়ী ক্যাম্পাস দাবি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দাবির সমর্থনে শিক্ষার্থীরা গতকাল সকালে প্রবর্তক মোড়ের এক পাশের রাস্তা প্রায় ৩০-৩৫ মিনিট অবরোধ করে রাখেন। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা অবরোধের মুখে পড়ে। এর আগে রেজিস্ট্রার শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহের সঙ্গে আলোচনা করেন। কর্তৃপক্ষ এ বিষয়ে নমনীয় মনোভাব দেখায় বলে জানা গেছে। তবে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুরুল হুদার কোনো সাড়া পাওয়া যায়নি।